Wednesday, February 17, 2016

ধার-দেনা শোধের পর কমবে তেলের দাম

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঋণ শোধ করার পর 'প্রয়োজনবোধে' জ্বালানি তেলের দাম কমানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
বুধবার বিকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য হাজি সেলিমের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, এখন পেট্টোলিয়াম করপোরেশন আয় করে লোন শোধ করছে। ৩৮ হাজার কোটি টাকা লোন। ভ্যাট ও শুল্ক বাকি রয়েছে। ১৫-১৬ হাজার কোটি টাকা শোধ করার অপেক্ষায়। ধার-দেনা শোধ করলে প্রয়োজনবোধে দাম কমাব।
তিনি আরো বলেন, 'যখন বিশ্ববাজারে ডিজেলের দাম অতিরিক্ত ছিল, তখন আমরা সাবসিডি দিয়ে ডিজেল বিক্রি করেছি। তখন তো কেউ বলেননি, আমরাও ডিজেলের দাম বাড়াই।'
নতুন মন্ত্রী নিয়োগ দেয়ার পরিকল্পনা নেই
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারে নতুন করে কোনো মন্ত্রী নিয়োগ দেয়ারও পরিকল্পনা নেই।
এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে ভেঙে দুইটি মন্ত্রণালয় করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান তিনি।
কাজী ফিরোজ রশিদ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীদের ‘যোগ্যতা’ নিয়ে প্রশ্ন তুলে বলেন, এই মন্ত্রণালয়ে যারা এ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তাদের কারও এ ব্যাপারে অভিজ্ঞতা নেই।
তিনি বলেন, মন্ত্রীরা পর্যটন এলাকায় যানও না, খোঁজ-খবরও রাখেন না। তাই এই মন্ত্রণালয়কে ভেঙে বিমান এবং পর্যটন দুইটি আলাদা মন্ত্রণালয় করে দুইজন মন্ত্রী নিয়োগ দেয়া হবে কি না?
জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'যারা মন্ত্রী হয়েছেন, তারা যে কাজ করছেন না তা নয়। আগে থেকেই কারও অভিজ্ঞতা থাকে না, আপনি এমপি হয়েছেন, আপনার আগে থেকে এমপির অভিজ্ঞতা ছিল না। কাজ করতে করতেই অভিজ্ঞতা হয়। মন্ত্রীরা কাজ করছেন বলেই আমি এতো কিছুর উত্তর দিতে পারছি।'
নতুন মন্ত্রণালয়ের প্রসঙ্গে তিনি বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ভেঙে নতুন মন্ত্রণালয় করার কোনো পরিকল্পনা সরকারের নেই। নতুন করে মন্ত্রী নিয়োগ করারও পরিকল্পনা নেই।
দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই
সরকার দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের (নাটোর-২) প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে কতিপয় সংগঠন ইসলামের নামে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করলেও এদেশে ইসলামিক স্টেট-আইএসের কোনো অস্তিত্ব নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যেকোনো ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতিতে বিশ্বাস করে। যেকোনো জঙ্গিবাদকে দৃঢ়তার সঙ্গে মোকাবেলায় বদ্ধপরিকর।
চার দশকে ৯৭ লাখ ৬২ হাজার বিদেশে
সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা বেগমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিগত ৪০ বছরে মোট ৯৭ লাখ ৬২ হাজার ৬৮৫ জন বাংলাদেশী কর্মী জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)র ছাড়পত্র নিয়ে বিদেশে গমন করেছেন।
তিনি বলেন, ১৯৭৬ সাল থেকে জানুয়ারি ২০১৬ পর্যন্ত মোট ৯৭ লাখ ৬২ হাজার ৬৮৫ জন বাংলাদেশী কর্মী বিএমইটি এর ছাড়পত্র নিয়ে বিদেশে গমন করেছেন। এর মধ্যে বর্তমান সরকারের ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিএমইটির ছাড়পত্র নিয়ে বাংলাদেশী ৩৪ লাখ ৩২ হাজার ৬৫৮ জন কর্মী বিদেশে গমন করেছেন।

No comments:

Post a Comment