Thursday, March 10, 2016

ক্ষুদ্রাকৃতির পরমাণু যুদ্ধাস্ত্র আছে আমাদের -কিম জং উনের দাবি

গোলাকার একটি বস্তুর সামনে দাঁড়িয়ে আছেন উত্তর কোরিয়ার নেতা
কিম জং উন। দেশটির কর্তৃপক্ষ বলছে, এই বস্তুটিই ক্ষুদ্রাকৃতির
পরমাণু যুদ্ধাস্ত্র। উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি
(কেসিএনএ) গতকাল ছবিটি প্রকাশ করে l রয়টার্স
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, তাঁর দেশের বিজ্ঞানীরা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহার উপযোগী ছোট আকারের পারমাণবিক যুদ্ধাস্ত্র তৈরি করেছেন। গতকাল বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এ খবরের সঙ্গে কিছু ছবিও প্রদর্শন করে, যেখানে দেখা যায় কিম জং কথিত যুদ্ধাস্ত্রের পাশে দাঁড়িয়ে আছেন।
পরমাণু অস্ত্র পরীক্ষার জেরে জাতিসংঘ আরোপিত সাম্প্রতিক কঠোর নিষেধাজ্ঞার পর দৃশ্যত উত্তর কোরিয়ার যুদ্ধংদেহী মনোভাব বাড়ছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত আলোকচিত্রে দেখা যায়, তাদের নেতা কিম জং উন গোলাকার একটি বস্তুর সামনে দাঁড়িয়ে আছেন। বস্তুটিকে খবরে ক্ষুদ্রাকৃতির যুদ্ধাস্ত্র হিসেবে উল্লেখ করা হয়। পর্যবেক্ষকেরা বলছেন, শুধু আলোকচিত্রের ভিত্তিতে উত্তর কোরিয়ার দাবির যথার্থতা যাচাই করা সম্ভব নয়। বিশেষজ্ঞরা অনেক দিন ধরেই নিভৃতকামী কমিউনিস্ট দেশটির এ ধরনের বিভিন্ন দাবির ব্যাপারে সংশয় প্রকাশ করে আসছেন। তবে দেশটির দাবি সত্যি হলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অগ্রভাগে এসব যুদ্ধাস্ত্র বসিয়ে হামলা করা সম্ভব, যা দক্ষিণ কোরিয়াসহ আশপাশের দেশের জন্য হুমকির বিষয়।
উনকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, পরমাণু যুদ্ধাস্ত্রগুলোর আকার ছোট করার মাধ্যমে এগুলোকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে সংগতিপূর্ণ করা হয়েছে। এ সময় হাইড্রোজেন বোমায় ব্যবহার হওয়া থার্মো-নিউক্লিয়ার বিক্রিয়ার জন্য নকশাকৃত যুদ্ধাস্ত্রও পরিদর্শন করেন কিম।
গত সোমবার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘নির্বিচার’ পারমাণবিক হামলার হুমকি দেয় পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সে দিন ওই অঞ্চলে তাদের এ যাবৎকালের সবচেয়ে বড় বার্ষিক সামরিক মহড়া শুরু করে।

No comments:

Post a Comment