Tuesday, March 22, 2016

ব্রাসেলসের বিমানবন্দর, রেলস্টেশনে ৩ বিস্ফোরণ, নিহত ১৩

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দরে দু’টি বিস্ফোরণ হয়েছে। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। দেশটির সরকার হতাহতের বিষয়টি নিশ্চিত করলেও আক্রান্তদের সংখ্যা উল্লেখ করেনি। তবে, বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বিমানবন্দরের বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৩৫ জন। বিমানবন্দরে বিস্ফোরণের কিছু সময় পরই মায়েলবিক মেট্রো স্টেশনে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। পুরো মেট্রো সিস্টেম বন্ধ করে দেয়া হয়েছে।
জাভেনতেম বিমানবন্দরের বিস্ফোরণ দুটো ঘটে ডিপারচার এরিয়ায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্ফোরণের কারণও জানা যায়নি। তবে এটা সন্ত্রাসী হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের পরপরই বিমানবন্দর থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়। স্থগিত করা হয় সব ফ্লাইট। উল্লেখ্য, ব্রাসেলসে প্যারিস হামলার মূল সন্দেহভাজন সালাহ আবদেসলামকে গ্রেপ্তারের চারদিন পর এই বিস্ফোরণের ঘটনা ঘটলো। বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ হয়েছে। এসব ছবিতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের একটি ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। আপাতত বিমানবন্দরের দিকে না যাওয়ার জন্য নাগরিকদের অনুরোধ করা হয়েছে।

No comments:

Post a Comment