Tuesday, March 1, 2016

মহা মঙ্গলবারে মহা বিজয়ের অপেক্ষায় হিলারি ও ট্রাম্প

হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির সমর্থকেরা আজ মঙ্গলবার প্রায় এক ডজন অঙ্গরাজ্যে নিজ নিজ দলের প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ে অংশ নেবেন। ‘সুপার টুইসডে’ হিসেবে পরিচিত এই দিনের নির্বাচনে দুই দলের শীর্ষ প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প বিপুল ব্যবধানে জয়লাভ করবেন বলে সিএনএনের সবশেষ জাতীয় জনমত জরিপে আভাস দেওয়া হয়েছে।
গতকাল সোমবার প্রকাশিত সিএনএনের ওই জরিপ অনুযায়ী, ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সিনেটর বার্নি স্যান্ডার্সের তুলনায় ১৭ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন।
আজ যে ১২টি অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক সমর্থকেরা ভোটে অংশ নেবেন, তার আটটিতে হিলারির জয় সুনিশ্চিত বলে ধারণা করা হচ্ছে।
বলা হচ্ছে, স্যান্ডার্স তাঁর নিজের অঙ্গরাজ্য ভারমন্টে জয় লাভ করবেন। এ ছাড়া তিনি মিনেসোটা, ওকলাহোমা ও ম্যাসাচুসেটসেও অল্প ব্যবধানে এগিয়ে আছেন।
স্যান্ডার্সের অধিকাংশ সমর্থক ছাত্র অথবা যুবক। তাঁদের সবাই ভোটকেন্দ্রে যাবেন—এমন কোনো নিশ্চয়তা নেই।
নিজ অঙ্গরাজ্যের বাইরে উল্লেখযোগ্য ব্যবধানে দুই বা তিনটি অঙ্গরাজ্যে স্যান্ডার্স জয়লাভে ব্যর্থ হলে তিনি আর কত দিন তাঁর লড়াই চালিয়ে যাবেন, তা নিয়ে তাঁকে ভাবতে হবে।
অন্যদিকে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতার বিরুদ্ধে দলীয় ইস্টাবলিশমেন্টের আর্তচিৎকার সত্ত্বেও তিনি তাঁর অগ্রযাত্রা বজায় রেখেছেন।
এত দিন পর্যন্ত ট্রাম্পের জনসমর্থন ৩৫ শতাংশের ঊর্ধ্বে না ওঠায় জাতীয় নির্বাচনে তিনি জয়লাভ করবেন না—এমন একটি ধারণা রিপাবলিকান মহলে চালু ছিল। কিন্তু সিএনএনের জরিপ অনুসারে, রিপাবলিকান সমর্থকদের মধ্যে ৪৯ শতাংশ জনসমর্থন অর্জন করে সে ধারণা মিথ্যা প্রমাণ করেছেন তিনি।
আজ যে ১১টি অঙ্গরাজ্যে রিপাবলিকান সমর্থকেরা বাছাই ভোটে অংশ নেবেন, তার মধ্যে একমাত্র টেক্সাস ছাড়া বাকি সবগুলোতেই ট্রাম্প জয়লাভ করবেন বলে ধারণা করা হচ্ছে।
গত কয়েক দিন রিপাবলিকান নেতৃত্ব ট্রাম্পের বিরুদ্ধে এককাট্টা হওয়ার চেষ্টার অংশ হিসেবে সিনেটর রুবিওর সমর্থনে বাকি তিন মনোনয়নপ্রত্যাশীকে লড়াই থেকে সরে যাওয়ার তাগাদা দিচ্ছিলেন। কিন্তু রুবিও এখন পর্যন্ত কোনো অঙ্গরাজ্যেই জয়লাভ করেননি। মহা মঙ্গলবারেও তাঁর জয়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
অন্যদিকে সিনেটর টেড ক্রুজ যদি নিজ অঙ্গরাজ্য টেক্সাসে জয়লাভ করেন, তা হলে তাঁকে হটানো অসম্ভব হবে।
রুবিও আশা করছেন, ১৫ মার্চ তাঁর নিজের অঙ্গরাজ্য ফ্লোরিডায় তিনি জিতবেন। তবে এখন পর্যন্ত যে জনমত জরিপ হয়েছে, তাতে ফ্লোরিডাতেও তাঁর চেয়ে ১২-১৫ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন ট্রাম্প।
প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ রয়েছে অবশিষ্ট দুই রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী কারসন ও কেইসিকের ওপর।
সিএনএনের জরিপে ১০ শতাংশ সমর্থন অর্জন করে কারসন লড়াই অব্যাহত রাখার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন।
কেইসিক জানিয়েছেন, ১৫ মার্চ তাঁর নিজের অঙ্গরাজ্য ওহিওতে ভোট গণনা পর্যন্ত তিনি তাঁর লড়াই চালিয়ে যাবেন। তাঁর আশা, ওই নির্বাচনে জয়ী হলে রিপাবলিকান নেতৃত্ব ও দাতাগোষ্ঠী ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে তাঁর প্রতি আগ্রহী হয়ে উঠবেন।

No comments:

Post a Comment