Tuesday, March 29, 2016

খেপে গেলেন‘দুধভাত’হরভজন

মাঠে নামতেই পারছেন না, তার ওপর সেটি নিয়েই
সমর্থকদের বিদ্রূপের মুখে পড়ছেন হরভজন।
বেচারা হরভজন সিং! প্রায় বাদ পড়ার হাত থেকে বেঁচে বিশ্বকাপের সেমিফাইনালে খেলছে দল। টি-টোয়েন্টির শিরোপা আর দুটি ম্যাচ দূরে। কোথায় দলের সঙ্গে মিলে এই আনন্দের সময়টা উপভোগ করবেন, তা না, ভারতীয় অফ স্পিনারকে সইতে হচ্ছে নিজেদেরই সমর্থকদেরই গঞ্জনা। এত দিন তা-ও সেটা চুপিসারে চলছিল, এবার সেটা ছড়িয়ে পড়ল। কিন্তু আর সইতে পারলেন না হরভজন। টুইটারে তাঁকে নিয়ে টিটকারি করায় একটি সমর্থক পেজকে রীতিমতো ধুয়ে দিলেন হরভজন। অবশ্য করারই কথা। একে দলে সুযোগ পাচ্ছেন না, সেটিই একজন ক্রিকেটারের কাছে বিষময় হওয়ার কথা। এখন ‘দুধভাত’ খেলোয়াড়ের এই অপবাদ যদি নিজেদের সমর্থকদের কাছ থেকেও শুনতে হয় তাহলে নিজেকে ধরে রাখা একটু কঠিনই। সেই জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরের সময় দলে ডাক পেয়েছিলেন। এরপর ঘরের মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ গেল, এশিয়া কাপ শেষে টি-২০ বিশ্বকাপও শেষ হয়ে আসছে। অথচ ভারতীয় অফ স্পিনার দলে সুযোগ পেলেন মাত্র একবার। সেটিও এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রায় গুরুত্বহীন ম্যাচে, বাকি সময়টা দলের সঙ্গে শুধু এই শহর-ওই শহরই করলেন! এ কারণেই ভারতের কয়েক জন ক্রিকেটপ্রেমীই প্রশ্ন তুলে দিচ্ছেন, বর্তমান ভারতীয় দলে হরভজনের কাজটা কী? এর চেয়ে ভাজ্জি তো বাড়িতে থাকলেও পারতেন। বিয়েও করেছেন মাত্র কিছুদিন হলো!
এই প্রশ্নটাই গতকাল টুইটারে ক্রিকেট সংশ্লিষ্ট একটি বিদ্রূপাত্মক পেজ করেছে একটু ঘুরিয়ে ফিরিয়ে, সেটিও আবার হরভজনের অ্যাকাউন্ট ট্যাগ করে! ঘরের মাটিতে বিশ্বকাপে একটি ম্যাচও খেলতে পারছেন না হরভজন, সেদিকে ইঙ্গিত করে পেজটি লিখেছে, ‘ভাই, আপনার ভারত সফর কেমন চলছে? মজাই লাগার কথা, না? ফ্রি হোটেল, লাঞ্চ, ডিনার—সবকিছু। কী মজার জীবন আপনার!’ সাধারণত ট্রলের উদ্দেশে করা এসব প্রশ্ন ক্রিকেটাররা এড়িয়ে চলেন। কিন্তু হরভজন মেজাজটা সামলে রাখতে পারলেন না। চার দিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ বছর পূর্ণ করা ভারতীয় অফ স্পিনার পাল্টা টুইট করেছেন, ‘হাতি বাজারে উঠলে হাজার হাজার কুকুরও কথা বলে—আপনি ওদের একজন।’ মজার ব্যাপার, একই দিনে টুইটারে ভারতের অন্য এক ক্রিকেটারও একটু বচসায় জড়িয়ে পড়েছিলেন—বিরাট কোহলি! তবে এই মুহূর্তে ভারতের ক্রিকেটপ্রেমীদের নয়ন মণি এই ২৬ বছর বয়সী অবশ্য নিজের জন্য কথার লড়াই করেননি। কোহলি জবাব দিয়েছেন সাবেক প্রেমিকা আনুশকা শর্মাকে নিয়ে করা বিদ্রূপাত্মক সব মন্তব্যের। নায়কোচিত এই কাজের জন্য স্বাভাবিকভাবেই ভারতের মানুষের অনেক প্রশংসা পাচ্ছেন কোহলি, কিন্তু হরভজনকে কেউ সান্ত্বনাটুকুও দিচ্ছেন না। সময় বড় নিষ্ঠুর!

No comments:

Post a Comment