কেন্দ্রীয়
ব্যাংকের টাকা চুরির ঘটনায় সদ্য পদত্যাগ করা গভর্নর ড. আতিউর রহমান বলির
পাঁঠা হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
মিজানুর রহমান। তিনি বলেন, ‘এর আগে চার হাজার কোটি টাকা আত্মসাৎসহ একটি
ব্যাংকের দেউলিয়া হওয়ার ঘটনায় কাউকে এখনো শাস্তি দেওয়া হয়নি। আতিউর
রহমানের মতো সৎ মানুষের পদত্যাগে কোনো সমাধান আসবে না।’আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশজুড়ে শিশু হত্যা বন্ধের দাবিতে কেন্দ্রীয় খেলাঘর আসর ঢাকা মহানগর শাখা আয়োজিত মানববন্ধনে মিজানুর রহমান এসব কথা বলেন।
মিজানুর বলেন, ‘যে যেখানে যে অপরাধ করেছে, সেই প্রতিষ্ঠানের যিনি সর্বোচ্চ ব্যক্তি আছেন, তার দায়-দায়িত্ব তাঁকে নিতে হবে। কাউকে বলির পাঁঠা বানিয়ে সেখান থেকে নিষ্কৃতি পাওয়ার অবকাশ নেই। একজন ব্যক্তিকে কেন্দ্র করে, তাঁকে আঘাত করার জন্য যদি এত বড় একটি ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে জাতি সেটা কখনো গ্রহণ করবে না।’
রিজার্ভ চুরির ঘটনায় দোষীদের শাস্তি দাবি করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘নম্র, ভদ্র, শিক্ষিতদের কেউ দায়িত্ব নিয়ে চলে গেলেই অপরাধের বিচার শেষ হয়ে যায় না। একজন গভর্নর যখন চলে যান, তাৎক্ষণিকভাবে গভর্নর নিয়োজিত হয়ে যায়। কিন্তু ডেপুটি গভর্নর নিয়োগে সার্চ কমিটি করা হয়। যিনি প্রধান (গভর্নর), তাঁর নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটি নেই, কিন্তু যাঁরা ডেপুটি, তাঁদের নিয়োগে সার্চ কমিটি। এর উদ্দেশ্য কী? এর পেছনে কী কারণ আছে? সে কারণ সম্পর্কে জাতি জানতে চায়।’
মানববন্ধনে অন্যদের মধ্যে খেলাঘরের চেয়ারপারসন মাহফুজা খানম, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়লা হাসান বক্তব্য দেন।
No comments:
Post a Comment