Sunday, March 13, 2016

ফের রুমানার স্পিন ভেলকি

বল হাতে দ্যুতি ধরে রেখেছেন টাইগ্রেস ক্রিকেটার রুমানা আহমেদ। এবার তিনি স্পিন ভেলকি দেখালেন আইরিশদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ ওভারের স্পেলে মাত্র ১২ রানে চার উইকেট নেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের এ লেগ স্পিনার। এতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দল হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন রুমানা আহমেদ। ওই ম্যাচে ৪ ওভারের স্পেলে মাত্র ৯ রানে তিন উইকেট নেন তিনি। শেষ ৯ টি-টোয়েন্টি ম্যাচে বল হাতে রুমানা আহমেদের শিকার ২১ উইকেট। মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের  সেরা বোলিং নৈপুণ্যটা ছিল রুমানারই। থাইল্যান্ডে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের বিপক্ষে ৪ ওভারের স্পেলে মাত্র ৮ রানে চার উইকেট নেন রুমানা আহমেদ। এতে ৯০ রানের টার্গেটে মাত্র ৫৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস আর বিশ্বকাপের টিকিট কাটে বাংলাদেশ। শনিবার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী মাঠে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেয় আয়ারল্যান্ড নারী দল। এতে ৭৪/৯ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে আইরিশরা। জবাবে মাত্র ১২.৩ ওভারে টার্গেট পার করে জাহানারা বাহিনী। ওপেনার শারমিন আখতার ৩৬ ও অধিনায়ক আলম ১৬ রানে অপরাজিত থাকেন। ‘বি‘ গ্রুপে আগামী ১৫ই মার্চ স্বাগতিক ভারতের বিপক্ষে  ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

No comments:

Post a Comment