Monday, March 28, 2016

অর্থ উদ্ধারে চার প্রতিষ্ঠানকে গভর্নরের চিঠি

রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ উদ্ধারে সহযোগিতা চেয়ে চার প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রতিষ্ঠানগুলো হল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, দেশটির মানি লন্ডারিং প্রতিরোধ কাউন্সিলের প্রধান ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এ চিঠি দিয়েছেন বলে রোববার সাংবাদিকদের জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র শুভঙ্কর সাহা।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর চারটি জায়গায় চিঠি দিয়েছেন। অর্থ আদায়ের জন্য যেভাবে চিঠি দেয়া দরকার, একটি কার্যকরি প্রক্রিয়া গ্রহণের জন্য যেভাবে বলা দরকার, সেভাবেই চিঠি দেয়া হয়েছে।
এছাড়া সহযোগিতা চেয়ে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের প্রধানকেও গভর্নর ফোন করেছেন বলেও জানান শুভঙ্কর সাহা।
তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভ্যন্তরীণ ও সরকারের গঠিত কমিটির তদন্ত অব্যাহত আছে।
শুভঙ্কর সাহা বলেন, গভর্নর বাংলাদেশ ব্যাংকের সকল মহাব্যবস্থাপক ও তদুর্ধ্ব কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক একটি সৌজন্য বৈঠক করেছেন। সেখানে তিনি তাদের আইটি নিরাপত্তা আরও বাড়ানোর বিষয়ে জোর দিতে বলেছেন। একই সঙ্গে তাদের নির্ভয়ে কাজ করারও পরামর্শ দিয়েছেন গভর্নর।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে গত ৪ থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে ১০১ মিলিয়ন ডলার চুরি হয়ে যায়। যার বড় অংশই পাচার হয়েছে ফিলিপাইনে।
এই টাকা পাচারের তথ্য গোপন করায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানকে পদত্যাগ করতে হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নরকে অব্যঅহতি দেয়া হয়েছে। ওএসডি করা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভাগের সচিব এম আসলাম আলমকে।
ঘটনাটি তদন্তে সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। টাকা পাচারের মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ অনুসন্ধান বিভাগ সিআইডি।

No comments:

Post a Comment