Tuesday, March 29, 2016

রিজার্ভ চুরিতে দেশের কেউ আছে কি না, দেখছে দুদক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশের কেউ জড়িত কি না, তা অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিজস্ব পদ্ধতিতে কমিশনের অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ এর চতুর্থ দিন আজ মঙ্গলবার র‍্যালি চলাকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান। ইকবাল মাহমুদ বলেন, ‘বাংলাদেশ ব্যাংক দুদককে কোনো চিঠি না পাঠালেও ২০১৫ সালের মানি লন্ডারিং আইনে কোন সংস্থার কী কাজ, তা ভাগ করে দেওয়া আছে।’ তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। সরকার একটি কমিটি করেছে, সিআইডি রয়েছে। আমরা অনুসন্ধান করছি, দেশের কেউ জড়িত কি না।’ নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ব্যাংকের এ ঘটনায় যদি দেশের কেউ জড়িত থাকে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুদক সূত্র জানায়, ইতিমধ্যেই রিজার্ভ জালিয়াতির ঘটনা পর্যবেক্ষণে দুদকের পক্ষ থেকে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা বিষয়টি নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও নজরদারি করছেন। গত ৫ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার (৮০৮ কোটি টাকা, প্রতি ডলার বিনিময় মূল্য ৮০ টাকা ধরে) চুরি হয়। ফিলিপাইনের একটি পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি জানাজানি হয়।

No comments:

Post a Comment