বার্ষিক
উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ৯ হাজার কোটি টাকা কমানো হচ্ছে। এর ফলে
সংশোধিত এডিপির আকার দাঁড়াচ্ছে ৮৮ হাজার কোটি টাকা। পরিকল্পনা কমিশনের
তদারকিতে থাকা মূল এডিপির আকার হলো ৯৭ হাজার কোটি টাকা। পরিকল্পনা কমিশনে
গত মঙ্গলবার সন্ধ্যায় পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া
হয়েছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত
হয়। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (এনইসি) সভায় এ
সংশোধিত এডিপি অনুমোদনের জন্য প্রস্তাব করবে পরিকল্পনা কমিশন। ওই সভায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনইসির চেয়ারপারসন হিসেবে সভাপতিত্ব করবেন।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সংশোধিত এডিপিতে স্থানীয় উৎস থেকে জোগান
কমানো হয়েছে ৩ হাজার ৬৬০ কোটি টাকা। এখন জোগান দেওয়া হবে ৫৮ হাজার ৮৪০
কোটি টাকা। আর প্রকল্প সাহায্য কমানো হয়েছে ৫ হাজার ৩৪০ কোটি টাকা। সংশোধিত
এডিপিতে বিদেশি সহায়তা পাওয়া যাবে ২৯ হাজার ১৬০ কোটি টাকা। পরিকল্পনা
কমিশনের তদারকির বাইরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়ও কয়েক
বছর ধরে এডিপিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ বছর মূল এডিপির বাইরে ৩ হাজার ৭
কোটি টাকা এ খাতে খরচের জন্য রাখা হয়েছিল। পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায়
তা কমিয়ে ২ হাজার ৮৯০ কোটি টাকা করা হয়েছে। এ খাতটিসহ সংশোধিত এডিপির আকার
দাঁড়াবে ৯০ হাজার ৮৯০ কোটি টাকা।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment