Thursday, March 31, 2016

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেয়েছে ১২ প্রতিষ্ঠান

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর
সঙ্গে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা
রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার, ২০১৪ পেয়েছে ১২টি শিল্পপ্রতিষ্ঠান। বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ (ক্যাটাগরি) তাদের এ পুরস্কার দেওয়া হয়। বাসস ও ইউএনবি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল বুধবার শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভুঁইয়া ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর বক্তব্যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সমুদ্র অর্থনীতির মাধ্যমে দেশের সমৃদ্ধির সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দেওয়া হয় পাঁচটি শ্রেণিতে। বৃহৎ শিল্প শ্রেণিতে পুরস্কার পেয়েছে বিএসআরএম স্টিলস, আবদুল মোমেন লিমিটেড ও বিআরবি কেব্ল ইন্ডাস্ট্রিজ। মাঝারি শিল্প শ্রেণিতে পুরস্কার পেয়েছে বসুমতি ডিস্ট্রিবিউশন, ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার ইমপোর্ট ও এক্সপোর্ট এবং জালালাবাদ ফ্রোজেন ফুডস। ক্ষুদ্র শিল্প শ্রেণিতে পেয়েছে হেলাল অ্যান্ড ব্রাদার্স, এডেসান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও প্রিন্স কেমিক্যাল কোম্পানি। এ ছাড়া হাইটেক শিল্প শ্রেণিতে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও সার্ভিস ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং কুটির শিল্প শ্রেণিতে জননী উইভিং ফ্যাক্টরি পুরস্কার পেয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশে এখন মৎস্য, তেল ও প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ বিপুল পরিমাণ সামুদ্রিক সম্পদে সমৃদ্ধ এলাকা রয়েছে, যা থেকে বিদেশি বিনিয়োগের একটি চমৎকার সুযোগ সৃষ্টি হতে পারে। তিনি বলেন, এ ক্ষেত্রে একটি কার্যকর উদ্যোগ গ্রহণে শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।’ শিল্পায়নের প্রত্যাশিত লক্ষ্য অর্জনে বেসরকারি খাতের বিকাশ প্রয়োজন বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বেসরকারি খাতের বিকাশ হলেই দেশের শিল্পায়ন গতিশীল হবে, আবার বেসরকারি খাতও শক্তিশালী হবে। এ কারণে সরকার বেসরকারি শিল্প উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য রাষ্ট্রপতি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান। পাশাপাশি সময়মতো ঋণ পরিশোধেরও তাগিদ দেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে রূপান্তরিত করতে সরকার মোট দেশজ উৎপাদনে (জিডিপি) শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করতে এবং কর্মসংস্থান ২৫ শতাংশ করতে কাজ করে যাচ্ছে। সরকার এই লক্ষ্য অর্জনে শিল্প নীতি-২০১৬ প্রণয়ন করেছে। রাষ্ট্রপতি ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) গড়ে তুলতে সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বলেন, এসইজেড কেবল স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদেরই আকৃষ্ট করবে না, এসব অঞ্চলে এক কোটি লোকের চাকরি এবং বছরে চার হাজার কোটি মার্কিন ডলার মূল্যের রপ্তানির সুযোগ সৃষ্টি করবে।

No comments:

Post a Comment