Saturday, March 12, 2016

শিশু নির্যাতন বন্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

‘শিশুহত্যা, নির্যাতনকারীদের বিচার চাই, শিশুর নিরাপদ জীবন চাই’
স্লোগানে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে গতকাল
খেলাঘরের উদ্যোগে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো
সামাজিক অবক্ষয়ের কারণে মানুষের বিবেকবোধ হারিয়ে যাচ্ছে। আর বড়দের প্রতিহিংসার বলি হচ্ছে শিশুরা। এ অবস্থার অবসানের জন্য শিশু নির্যাতনকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে শিশু নির্যাতন বন্ধ হবে না। শিশুদের জন্য নিরাপদ এবং ভীতিহীন জীবন নিশ্চিত করতে হবে। খেলাঘর চট্টগ্রাম মহানগর আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
‘শিশুহত্যা, নির্যাতনকারীদের বিচার চাই, শিশুর নিরাপদ জীবন চাই’ স্লোগানে গতকাল শুক্রবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি অধ্যাপক গাজী সালেহউদ্দিন।
বক্তারা বলেন, শিশু নির্যাতন বন্ধ করা না গেলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে ধাবিত হবে।
সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক গণেশ রায়, দেলোয়ার মজুমদার, খেলাঘর নগর কমিটির সাধারণ সম্পাদক এ এস এ জাহিদ, অধ্যাপক রোজী সেন, হাবিবুল হক, অজয় মিত্র, রথীন সেন প্রমুখ।

No comments:

Post a Comment