Monday, March 28, 2016

মঙ্গলবার রিভিউ আবেদন করবেন নিজামী

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করবেন আগামীকাল মঙ্গলবার।
মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, আপিলের চূড়ান্ত রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ করার বাধ্যবাধকতা থাকায় মঙ্গলবার শেষ দিন রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করবেন নিজামী।
প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির স্বাক্ষরের পর গত ১৫ মার্চ এ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা।
রায় প্রকাশের পর ওইদিন রাতে নিজামীর মৃত্যু পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। পরদিন বুধবার সকালে এই পরোয়ানা কাশিমপুর কারাগারে পৌঁছানোর পর তা পড়ে শোনানো হয় নিজামীকে।
ওইদিনই মৃত্যু পরোয়ানা শোনার পর আইনজীবীর সঙ্গে পরামর্শ করে রিভিউর সিদ্ধান্ত নেয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের এই শীর্ষ নেতা।
তার আইনজীবীরা জানান, নিজামীর বিশ্বাস, মিথ্যা ও অসত্যের ওপর ভিত্তি করে তার বিরুদ্ধে রায় দেয়া হয়েছে। রিভিউতে তিনি খালাস পাবেন।
বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেয় মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ট্রাইব্যুনালের এই রায় বাতিল ও তাকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানিয়ে ওই বছরের ২৩ নভেম্বর আপিল করেন নিজামী। এরপর গত ৬ জানুয়ারি আপিলেও নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।
রায় ঘোষণার প্রায় আড়াই মাস পর ১৫ মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ। এই রায়ের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার রিভিউ (পুনর্বিবেচনা) করবেন নিজামী।

No comments:

Post a Comment