Friday, March 11, 2016

‘বিশেষ গোষ্ঠীর সমর্থন চলে গেলে সরকারের পতন হবে’

খন্দকার মাহবুব হোসেন
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, একটি বিশেষ গোষ্ঠীর সমর্থন নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় টিকে আছে। যে দিন ওই বিশেষ গোষ্ঠীর সমর্থন চলে যাবে, সেদিন সরকারের পতন হবে।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণ কমিটি আয়োজিত এক আলোচনা সভায় খন্দকার মাহবুব হোসেন এ কথা বলেন। তিনি সব বিভেদ ভুলে খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে নামার আহ্বান জানান।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবরণ দিবস উপলক্ষে এ আলোচনার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির নেতা জয়নাল আবদিন ফারুক, হাবিবুর রহমান, জাসাসের কেন্দ্রীয় সভাপতি এম এ মালেক প্রমুখ।
জনগণের কোনো আন্দোলন কখনো ব্যর্থ হয় না
এর আগে রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে বাংলাদেশ লেবার পার্টির এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের কোনো আন্দোলন কখনো ব্যর্থ হয় না। তিনি বলেন, ‘৫ জানুয়ারির ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে হারিয়েছি। হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন চলছে। এ আন্দোলন জনসম্পৃক্ত হওয়ায় আগামী দিনে তা অবশ্যই সফল হবে।’
‘অনির্বাচিত হওয়ায় বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ নয়’—এমন মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, কোনো সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে সে দেশ খুন, রাহাজানি, সন্ত্রাস, দুর্নীতিতে ছেয়ে যায়। এর থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। সে জন্য অবিলম্বে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।
লেবার পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি শামসুদ্দিন পারভেজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।
জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা
সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জাতীয়তাবাদী কর্মজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, নেতা-কর্মীদের যাঁরা কর্মে নিষ্ক্রিয়, ধরনায় সক্রিয়; তাঁদের বাদ দেওয়া যাবে না। তাঁরাও দলের আশপাশে থাকবে। তবে গুরুত্বপূর্ণ পদ পাবেন না।

No comments:

Post a Comment