Monday, March 21, 2016

সাহসী ছিলেন দিতি by হাবিবুল্লাহ সিদ্দিক

১৯৮৫ বা ’৮৬ সালের কথা। জাফলংয়ে ‘হীরামতি’ ছবির শুটিং করছিলেন পরিচালক আমজাদ হোসেন। সেই ছবির নায়িকা ছিলেন দিতি। তাঁর বিপরীতে কাজ করছিলেন প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরী। হীরামতি ছবিতে দিতির অভিনয় নিয়ে কথা হয় গুণী এ পরিচালকের সঙ্গে। গতকাল অভিনেত্রী দিতির মৃত্যুর খবর শুনেই আমজাদ হোসেন এসেছিলেন বিএফডিসিতে। পরিচালক সমিতির অফিসে বসে যখন কথা হয়, তখন শেষ বিকেল। আমজাদ হোসেন শুরু করলেন ‘হীরামতি’তে দিতির অভিনয়ের গল্প।
আমজাদ হোসেন বললেন, ‘পুরো “হীরামতি” ছবির শুটিং করেছিলাম সুচরিতাকে নিয়ে। কিন্তু একটা সমস্যার কারণে শুটিংয়ের পর তাঁকে বাদ দিতে হয়। পরে দিতিকে নিই। নতুন করে আবারও শুটিং শুরু করি। ইউনিট নিয়ে যাই জাফলং। জাফলংয়ে নদীর ধারে শুটিং চলছে, তখন তো মুঠোফোন ছিল না। দিতির কাছে একটা চিঠি এল। পাঠানো হয়েছে শিল্পী সমিতির অফিস থেকে। বুঝলাম সুচরিতাকে বাদ দিয়ে কেন দিতিকে নিলাম এ-সংক্রান্ত চিঠি।
আমি প্রচণ্ড ভয় পেলাম। দিতি আবার না জানি শুটিং না করে চলে যান। শুটিং বন্ধ রেখে পুরো ইউনিট তাকিয়ে আছে দিতির দিকে। দেখলাম দিতি চিঠিটা খুব মন দিয়ে পড়লেন। তারপর কুচি কুচি করে ছিঁড়ে নদীর পানিতে ভাসিয়ে দিলেন। এরপর আমার দিকে তাকিয়ে হেসে বললেন, “চলুন, শটটা দিই।” আমার বুক থেকে যেন পাথর নেমে গেল। এমনই সাহসী ছিলেন দিতি।’
কথা প্রসঙ্গে আমজাদ হোসেন জানান, ‘হীরামতি’ ছাড়াও তাঁর পরিচালনায় বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন দিতি। দর্শকনন্দিত এই অভিনেত্রী সম্পর্কে আমজাদ হোসেন বলেন, ‘দিতির মতো সাহসী ও মিশুক অভিনেত্রী পাওয়া কঠিন। শুধু অভিনয়েই নয়, নিজের চারপাশটা জমিয়ে রাখতে পারতেন দিতি।

No comments:

Post a Comment