Tuesday, April 19, 2016

ইনজামামই হলেন প্রধান নির্বাচক

পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম
এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর পালাবদলের হাওয়া বইছে পাকিস্তান ক্রিকেটে। সেই ধারাবাহিকতাতেই নির্বাচক প্যানেল ঢেলে সাজানো হলো। প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হককে।  কানাঘুষা শোনা যাচ্ছিল বেশ কয়েক দিন ধরেই। তারপর ইনজামাম-উল-হক যখন আফগানিস্তানের কোচের দায়িত্ব ছেড়ে দিলেন, আর খুব একটা সন্দেহ রইল না যে তিনিই পাকিস্তানের প্রধান নির্বাচক হচ্ছেন। অবশেষে কাল সেই অনুমিত ব্যাপারটাই বাস্তবতায় রূপ নিল।  চার সদস্যের নির্বাচক কমিটিতে ইনজামাম ছাড়াও থাকছেন তাঁর এক সময়ের সতীর্থ ওপেনার ওয়াজাহাতুল্লা ওয়াস্তি, সাবেক অফ স্পিনার তৌসিফ আহমেদ ও সাবেক পেস বোলিং অলরাউন্ডার ওয়াসিম হায়দার।  ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে জোড়া সেঞ্চুরি করা ওয়াস্তির পরে আর খুব বেশি দিন খেলতে পারেননি, ক্যারিয়ার থেকে গেছে ৬ টেস্ট আর ১৫ ওয়ানডেতেই। অফ স্পিনার তৌসিফ আশির দশকের শুরু থেকে নব্বই দশকের শুরু পর্যন্ত খেলেছেন পাকিস্তানের হয়ে ৩৪টি টেস্ট ও ৭০টি ওয়ানডে। এঁদের মধ্যে ওয়াসিম হায়দারের আন্তর্জাতিক অভিজ্ঞতাই সবচেয়ে কম। তবে দেশের হয়ে মাত্র ৩টি ওয়ানডে খেললেও ১০০-এর বেশি প্রথম শ্রেণির ম্যাচ ও লিস্ট ‘এ’ খেলেছেন হায়দার। ১২০টি টেস্ট ও ৩৭৮টি ওয়ানডে খেলা ইনজামাম তো পাকিস্তানের ইতিহাসেরই অন্যতম সেরা ব্যাটসম্যান। ওয়ানডেতে পাকিস্তানের সর্বোচ্চ রান (১১৭০১) তাঁর, টেস্টে তৃতীয় সর্বোচ্চ (৮৮২৯)।

No comments:

Post a Comment