Monday, April 11, 2016

মেসির গোলহীন ৩৬২ মিনিট!

আরও একটা ম্যাচে গোলের দেখা পেলেন না মেসি
শেষ কবে লিওনেল মেসি বার্সেলোনার হয়ে গোল করেছেন মনে করুন তো? গত মার্চের মাঝামাঝিতে ফিরে যেতে হবে। চ্যাম্পিয়নস লিগে সেই যে আর্সেনালের সঙ্গে গোল পেয়েছিলেন, এরপর থেকে আর গোলের দেখা নেই। চৈত্রের খরার মতো মেসিরও যেন চলছে গোলখরা, ভাবা যায়! আর্সেনালের সঙ্গে ওই ম্যাচের পর ভিয়ারিয়াল, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো ও রিয়াল সোসিয়েদাদের সঙ্গে গোলের দেখা পাননি মেসি। সব প্রতিযোগিতা মিলে ৩৬২ মিনিট মেসি এখন গোলহীন। সর্বশেষ এমন লম্বা একটা সময় এ রকম গোলখরার মধ্য দিয়ে যেতে হয়েছিল সেই ২০১১ সালে। ওই সময় ৪১৭ মিনিট গোলবঞ্চিত ছিলেন। ২০০৮ সাল থেকে নতুন মেসির আবির্ভাবের পর এমন ​দীর্ঘ সময় গোলখরায় ভোগা মেসির নিজের জন্যই অচেনা একত অভিজ্ঞতা। পরশু অবশ্য মেসির গোল না পাওয়ার জন্য ‘দোষ’ সোসিয়েদাদ গোলরক্ষক জেরোনিমো রুয়ই ওপরও চাপাতে পারবেন। পুরো ম্যাচে সাতটি শট নিয়েছেন মেসি, লা লিগায় এই মৌসুমে এক ম্যাচে এর চেয়ে বেশি শট আর কেউ করেননি। কিন্তু রুলির দুর্দান্ত সেভে সেই শটগুলো আর গোলে রূপান্তরিত হয়নি। মেসি এর মধ্যেও আশার আলো দেখতে পারেন। ২০১১ সালের এপ্রিল থেকে মে পর্যন্ত টানা চার ম্যাচে গোল পাননি। এরপর যে গোলটা করেছিলেন, সেটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে। এবারও সেই চ্যাম্পিয়নস লিগেই অ্যাটলেটিকোর সঙ্গে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ সামনে। মেসি কি খরা ঘোচানোর জন্য এই ম্যাচই বেছে নেবেন? সময়ই বলে দেবে।

No comments:

Post a Comment