Thursday, April 21, 2016

চাপে পড়ে কোহিনুরের দাবিতে সরব ভারত

জনমত এবং সংঘ পরিবারের চাপে একেবারে রাতারাতি মত বদল করে ফেলল ভারত সরকার। কোহিনুর হীরা ফেরত আনার দাবি জানানো হবে না, সর্বোচ্চ আদালতকে এ কথা জানানোর পরদিনই সরকার জানাল, দাবি ছাড়া হচ্ছে না। ঠিক সময়েই সরকারি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। বিশ্বের বিস্ময় হীরা কোহিনুর এবং ওই রকম লুট হওয়া দুর্মূল্য সম্পদ দেশে ফিরিয়ে আনার জন্য এক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। গত সোমবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে ভারত সরকারের সলিসিটর জেনারেল রণজিৎ কুমার ওই বিষয়ে সরকারের মনোভাবের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের অভিমত, কোহিনুর লুট হয়নি, চুরি করেও নিয়ে যাওয়া হয়নি। পাঞ্জাবের মহারাজা রণজিৎ সিং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ১৮৪৯ সালে কোহিনুর উপহার দিয়েছিলেন। অতএব, ফেরত চাওয়ার দাবি অর্থহীন। সলিসিটর জেনারেলের এ অভিমত জানার সঙ্গে সঙ্গেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুর তাঁকে সতর্ক করে বলেছিলেন, আরও ভেবেচিন্তে তিনি যেন সরকারের অভিমত জানান। কারণ, একবার চূড়ান্ত মতামত জানিয়ে দিলে এসব অমূল্য প্রত্নসামগ্রী দেশে ফেরানোর আর কোনো উপায় থাকবে না। প্রধান বিচারপতির এ মন্তব্যের পরই সরকার নড়েচড়ে বসে। ততক্ষণে দেশে এ নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। সংঘ পরিবার হতবাক। দলেও নানা জনে এ প্রশ্ন তুলতে থাকেন। কোন ভিত্তিতে এ অধিকার ছেড়ে দেওয়া হচ্ছে, সেই প্রশ্নে সরকার বিব্রত হতে থাকে। ফলে পরের দিনেই সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কোহিনুর, টিপু সুলতানের তরবারি বা আংটি ফেরত আনার দাবি সরকার ছাড়ছে না। সব দিক খতিয়ে দেখে ও বিচার করেই সরকার সর্বোচ্চ আদালতকে চূড়ান্ত অভিমত জানানো হবে।

No comments:

Post a Comment