Monday, April 11, 2016

হাইব্রিড রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে সুবিধা দাবি

পরিবেশবান্ধব হওয়া সত্ত্বেও বিভিন্ন জটিলতার কারণে হাইব্রিড প্রযুক্তির রিকন্ডিশন্ড বা পুরোনো গাড়ি আমদানি করছেন না ব্যবসায়ীরা। তাই রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ির জন্য আলাদা এইচএস কোড ও ভর্তুকি দিয়ে শুল্কায়ন করার দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস্ ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। ২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেটে দাবিটি বাস্তবায়ন চায় বারভিডা। এ ছাড়া রিকন্ডিশন্ড গাড়ির অবচয় হার পুনর্নির্ধারণ, গাড়ি আমদানিতে সম্পূরক শুল্ক ও সিসির স্তর পুনর্বিন্যাস, মাইক্রোবাস আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেছে তারা। সরকারের কাছে দাবিগুলো তুলে ধরতে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ে প্রস্তাবটি পাঠিয়েছে সংগঠনটি। রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ির বিষয়ে বারভিডা বলছে, সাধারণ একটি গাড়ির যে মূল্য, তা থেকে হুবহু একই মডেলের হাইব্রিড ইঞ্জিনযুক্ত গাড়ির মূল্য ২১ থেকে ২৫ শতাংশ বেশি। তাই হাইব্রিড রিকন্ডিশন্ড গাড়ির ক্ষেত্রে ২৫ শতাংশ ভর্তুকি মূল্য দিয়ে শুল্কায়ন করলে সরকারের রাজস্ব ঘাটতি হবে না। উল্টো আমদানি বৃদ্ধির ফলে সরকারের রাজস্ব আয় বাড়বে। ইয়েলো বুকে হাইব্রিড গাড়ির পৃথক মূল্য থাকায় শুল্কায়নে কোনো জটিলতা তৈরি হবে না। এ ছাড়া হাইব্রিড গাড়ির জন্য স্বতন্ত্র এইচএস কোড তৈরি ও সম্পূরক শুল্কের নিম্নতম স্তরে এটিকে রাখার দাবি জানিয়েছে সংগঠনটি। ছয় মাসের কম বয়সের পুরোনো গাড়ির জন্য কোনো অবচয় করে না কাস্টমস কর্তৃপক্ষ। এটিকে পরিবর্তন করে এক বছর বয়সের পুরোনো গাড়ির জন্য ২৫ শতাংশ এবং এক থেকে দুই বছর বয়সের পুরোনো গাড়ির জন্য ৩৫ শতাংশ অবচয় সুবিধা চেয়েছে বারভিডা। তাদের কথা, ক্রেতারা নতুন গাড়ির সমান শুল্ক দিয়ে কেন দুই বছরের পুরোনো গাড়ি কিনবেন? বর্তমানে ১৫০১ সিসি থেকে ২০০০ সিসির গাড়ি আমদানিতে মোট করভার ২১৭ দশমিক ১৭ শতাংশ। এটিকে পুনর্বিন্যাস করে বারভিডা একই করভারের মধ্যে ১৫০১ থেকে ২৫০০ সিসির গাড়ি আমদানির সুযোগ চেয়েছে। সংগঠনটির যুক্তি, সিসির স্তরটি পুনর্বিন্যাস করা হলে ১৫০০ সিসির গাড়ি আমদানির ওপর চাপ কমবে। তখন চাহিদা অনুযায়ী সরবরাহ বৃদ্ধি পাবে এবং দাম কমবে। এ ছাড়া বর্তমানে ২০০১ থেকে ২৭৫০ সিসির গাড়ির মোট করভার ৩৭৩ দশমিক ২৬ শতাংশ। ২০০১ থেকে ২৭৫০ সিসির স্তরটি পরিবর্তন করে ২৫০১ থেকে ২৮০০ সিসির স্তর চায় সংগঠনটি। একই সঙ্গে ২৭৫১ থেকে ৪০০০ সিসির স্তরের পরিবর্তে ২৮০১ থেকে ৪০০০ সিসির স্তর চায় বারভিডা। এই স্তরের মোট করভার ৬০৭ দশমিক ৩৯ শতাংশ। পর্যটনশিল্প, অফিসের কর্মী, শিক্ষার্থী, রোগী পরিবহনকাজে ১২ থেকে ১৫ আসনের মাইক্রোবাস ব্যবহৃত হয়। তবে এই মাইক্রোবাস আমদানিতে ৩০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। এতে করে গাড়িগুলো মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তাই আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করেছে বারভিডা।

No comments:

Post a Comment