Tuesday, April 26, 2016

শেক্সপিয়ারের শ্রেণিকক্ষে ভক্তরা

সংস্কারের পর খুলে দেওয়া হয়েছে সেই শ্রেণিকক্ষ
কালজয়ী নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল ২৩ এপ্রিল শনিবার। দিনটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে স্মরণ করা হয়েছে এই অমর শিল্পস্রষ্টাকে। শেক্সপিয়ারের জন্মভূমি যুক্তরাজ্যে তাঁর প্রধান প্রধান নাটক মঞ্চায়িত হয়। লন্ডনের যে গ্লোব থিয়েটারে শেক্সপিয়ার নিজে অভিনয় করে গেছেন, সেখানে গতকাল সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শেক্সপিয়ারের স্মরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। তবে সব কিছু ছাপিয়ে ভক্তদের জন্য আনন্দের খবর হলো, শেক্সপিয়ার যুক্তরাজ্যের ওয়ারউইকশায়ারের যে শ্রেণিকক্ষে বসে লেখাপড়া করেছেন এবং নিজের কয়েকটি নাটকের মঞ্চায়ন করেছেন সেই কক্ষটি গতকালই দর্শনার্থীদের জন্য প্রথমবারের মতো খুলে দেওয়া হয়েছে। স্ট্র্যাটফোর্ড-আপন-এভন শহরের কিং এডওয়ার্ড সিক্স স্কুলের ওই শ্রেণিকক্ষটি শেকস্পিয়ার-ভক্তদের জন্য খুলে দেওয়ার আগে সংস্কার করা হয়। গবেষকেরা বলছেন, ১৫৭১ সালে সাত বছর বয়সে শেক্সপিয়ার ওই স্কুলেই তাঁর পড়াশোনা শুরু করেন। ১৫ বছর বয়সে এ স্কুল ত্যাগ করেন তিনি। ১৪২০ সালে নির্মিত ওই শিক্ষায়তন ছাড়া অন্য কোথাও তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেননি। গবেষকদের তথ্য অনুযায়ী, শেক্সপিয়ার যখন ওই স্কুলে ভর্তি হন, তখন কাঠের তৈরি বর্তমান ঘরটিই একমাত্র শ্রেণিকক্ষ ছিল। সেখানে সাত থেকে ১৫ বছর বয়সী জনা চল্লিশেক ছাত্র কাঠের বেঞ্চে বসে পড়ালেখা করত। শিক্ষক ছিলেন মাত্র একজন। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ক্লাস চলত। ধর্মতত্ত্বের পাশাপাশি সেখানে লাতিন ভাষার ধ্রুপদি শিল্প-সাহিত্যের বিষয়ও পড়ানো হতো। এখানেই প্রথমবারের মতো রোমান মহাকবি ওভিডের সৃষ্টিকর্মের সঙ্গে শেক্সপিয়ারের পরিচয় হয়। পরবর্তী সময়ে তাঁর বিভিন্ন নাটকে ওভিডের লেখার প্রচ্ছন্ন প্রভাব রয়ে যায়। গবেষকদের দাবি, এই শ্রেণিকক্ষেই শেক্সপিয়ারের নাট্যরচনার প্রথম দিকের সৃষ্টি কিং লিয়ার প্রথমবারের মতো মঞ্চস্থ হয়। দর্শকদের মধ্যে শেক্সপিয়ার নিজেও সেখানে উপস্থিত ছিলেন।
শেক্সপিয়ারের শ্রেণিকক্ষে ভক্তরা

No comments:

Post a Comment