Thursday, April 7, 2016

দাতারা নানা অজুহাতে স্বাস্থ্য খাতে অর্থ কমিয়ে দিচ্ছে: নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর কেউ কেউ নানা অজুহাতে স্বাস্থ্য খাতে অর্থ কমিয়ে দিচ্ছে। এ কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দের হার কম হচ্ছে। আজ বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আগের বক্তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর আগে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান। তিনি বলেন, প্রতিবছর স্বাস্থ্য খাতে বরাদ্দের হার কমছে। তাই তিনি এ খাতে বরাদ্দ বাড়ানোর অনুরোধ করেন। মন্ত্রী মো. নাসিম বলেন, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব কাজ পরিচালিত হচ্ছে। যন্ত্রপাতি কেনা থেকে শুরু করে সব কেনাকাটায় পৃথক কমিটি আছে। জনবল নিয়োগ ও পদোন্নতির জন্য পৃথক কমিটি আছে। মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তে কোনো কাজ হয় না। তারপরও দাতা সংস্থারা নানা অজুহাতে তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে না। অর্থ কাটছাঁট করছে। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দাতাদের পরামর্শ নেবে। কিন্তু তাদের শর্ত মতো কাজ করবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

No comments:

Post a Comment