Monday, April 11, 2016

‘ভালো চাইলে আফ্রিদি, আকমল আর শেহজাদকে দূরে রাখুন’

সব সময়ই আফ্রিদির প্রশ্রয় পেয়ে এসেছেন
আহমেদ শেহজাদ এবং উমর আকমল
পাকিস্তান ক্রিকেটের ভালো চাইলে জাতীয় দল থেকে দূরে রাখতে হবে শহীদ আফ্রিদি, উমর আকমল আর আহমেদ শেহজাদকে। এমন মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক কয়েকজন কর্তা। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন প্রকাশ করেছে খবরটি। তবে পিসিবি কর্মকর্তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। উল্লিখিত কর্মকর্তারা দলটির টিম ম্যানেজমেন্টের অংশ ছিলেন। দলের ব্যর্থতার জন্য তাঁরা বিশেষভাবে দায়ী করেছেন এই তিন খেলোয়াড়কে। পিসিবির একটি সূত্র ডনকে জানিয়েছে যে সাবেক টিম ম্যানেজমেন্টের এই উপদেশ বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে বোর্ড। নতুন নির্বাচক দলের সঙ্গে এটা নিয়ে আলোচনাও হয়েছে। শুধু সেই বোর্ড কর্মকর্তারাই নন, এই তিন খেলোয়াড়ের সমালোচনা করেছেন দলের ম্যানেজার ইন্তিখাব আলম এবং সদ্যই সাবেক হয়ে যাওয়া কোচ ওয়াকার ইউনিস। পিসিবি আমলে নিয়েছে তাঁদের প্রতিবেদনও। নানা কারণে একাধিকবার আকমল ও শেহজাদ দল থেকে বাদ পড়েছেন। কিন্তু সব সময়ই তাঁদের দলে ফিরিয়ে আনতে বেশ সোচ্চার দেখা গেছে আফ্রিদিকে। টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও আফ্রিদি কিন্তু এখনো খেলা ছেড়ে দেওয়ার ঘোষণা দেননি। ডন জানিয়েছে, স্পনসরদের চাপের কারণেই নাকি তিনি খেলা ছাড়তে পারছেন না। কারণ তাঁর পেছনে প্রচুর টাকা লগ্নি করে রেখেছে স্পনসররা। যদিও এখন আফ্রিদির আগের মতো জনপ্রিয়তা নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর জনপ্রিয়তার পারদ আরও নেমে গেছে।

No comments:

Post a Comment