ভারতের
পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের আগের তিন পর্বের ধারাবাহিকতা রক্ষা হলো
গতকাল সোমবার অনুষ্ঠিত চতুর্থ পর্বের নির্বাচনে। আগের পর্বগুলোতে বুথ দখল,
ভয়ভীতি দেখানো, ভোটারদের কেন্দ্রে যেতে না দেওয়া এবং মারপিটের যে ঘটনা
ঘটেছিল, গতকাল সেসবেরই পুনরাবৃত্তি হলো। রাজ্যের বিরোধী দল বাম-কংগ্রেস জোট
এবং বিজেপি অভিযোগ করেছে, শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেই এসব ঘটনা
ঘটেছে। তৃণমূল কংগ্রেসের শক্তির কেন্দ্র বলে পরিচিত উত্তর চব্বিশ পরগনা ও
হাওড়া জেলার ৪৯টি আসনে গতকাল নির্বাচন হয়। এর মধ্যে ৪৩টি আসনেই গত বিধানসভা
নির্বাচনে বিজয়ী হয় তৃণমূল। বাকি ছয়টিতে জয়ী হয়েছিলেন বাম ও কংগ্রেস
প্রার্থীরা। গতকাল নির্বাচন শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্রে বুথ দখল, জাল
ভোট, বুথে বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার ঘটনা ঘটতে থাকে। হালিশহর,
বীজপুর, দমদম, নিউটাউন, বেলুড় কেন্দ্রে বিরোধী দলের এজেন্টদের ঢুকতে বাধা
দেওয়া হয়। ব্যারাকপুর, নিউটাউনে বাম এজেন্টদের মারধর, বীজপুরে বাম এজেন্টের
বাড়িতে আগুন ও ভাঙচুর, দমদমে বাম এজেন্টের বাড়িতে হামলা, মধ্যমগ্রামে বাম
সমর্থককে মাথা ফাটানো, উত্তর হাওড়ায় জাল ভোট এবং সরকারি সমর্থকদের বুথ
দখলের ঘটনা ঘটে। হামলা হয়েছে উত্তর দমদমের বাম-কংগ্রেস জোটের প্রার্থী
তন্ময় ভট্টাচার্যের ওপর। তাঁর গাড়িও ভেঙে দেওয়া হয়। উত্তর হাওড়ায়
চিত্রতারকা ও বিজেপির প্রার্থী রুপা গঙ্গোপাধ্যায় তাঁর আসনের বেশির ভাগ
কেন্দ্রে বুথ দখলের ঘটনা ঘটেছে বলে দাবি করেন। রুপা সালকিয়ার শ্রীকৃষ্ণ
সেবাশ্রম শিক্ষা নিকেতনে ঢুকতে গেলে বাধা দেন তৃণমূলের প্রার্থীরা। দুপুরে
তিনি বলেন, ‘এখানে ইচ্ছেমতো ছাপ্পা ভোট হচ্ছে।’ বীজপুরে বাম সমর্থকদের
বাড়িতে হামলা হয়েছে। ভাঙচুর হয়েছে কেস্টপুরের সিপিএমের যুব সংগঠনের
কার্যালয়। আমতায় ভোটকেন্দ্রের সামনে বোমাবাজি হয়েছে। ব্যারাকপুরের
বাম-কংগ্রেস প্রার্থী দেবাশীষ ভৌমিকের পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়েছে। তবে
রাজারহাট, দমদম ও যাত্রাগাছিতে নির্বাচনে বাধা দেওয়ার অভিযোগে কেন্দ্রীয়
বাহিনী নয় তৃণমূল কর্মীকে আটক করে। হালিশহরে আদর্শ বিদ্যাপীঠ কেন্দ্রে
বোমাবাজি হয়। বাম-কংগ্রেস জোট এ ঘটনায় অভিযুক্ত করেছে তৃণমূলকে। গতকাল
বাম-কংগ্রেস জোট অভিযোগ করে, ভোটের আগের রাতেই বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের
সন্ত্রাসীরা তাদের কর্মী-সমর্থকদের ভোট না দিতে যেতে বলে। গেলে মেরে ফেলার
হুমকি দেয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment