![]() |
| ম্যাচের যোগ করা সময়ে এল জয়সূচক মহামূল্যবান গোল। ভিয়ারিয়ালের খেলোয়াড়দের উচ্ছ্বাসের কারণ বোঝাই যায় |
নিষ্প্রাণ
ছিল না ম্যাচটা, আবার রোমাঞ্চে ভরপুরও ছিল না। লিভারপুল ও ভিয়ারিয়াল দুই
দলই পরশু যেন খেলতে নেমেছিল ‘আগে রক্ষণ সামলাও’ নীতি নিয়ে। তাতে অবশ্য শেষ
মুহূর্তে এসে ব্যর্থ লিভারপুল, ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে
ভিয়ারিয়ালের মাঠে হেরে গেছে ১-০ গোলে। ফাইনালে উঠতে এখন দ্বিতীয় লেগে
অ্যানফিল্ডে আরেকটি চমকের অপেক্ষায় থাকতে হচ্ছে ইয়ুর্গেন ক্লপের দলকে।
সেভিয়ার অবশ্য অত চমক-টমকের দরকার নেই। গত দুবারের ইউরোপা লিগ চ্যাম্পিয়নরা
প্রথম লেগেই কাজ অনেকটা এগিয়ে রেখেছে। শাখতার দোনেৎস্কের মাঠে ড্র করেছে
২-২ গোলে, কিন্তু দুটি মহামূল্যবান ‘অ্যাওয়ে’ গোল এগিয়ে রাখছে সেভিয়াকেই।
এগিয়ে আছে ভিয়ারিয়ালও, ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথম ফাইনালের স্বপ্নও
দেখছে। তবে দ্বিতীয় লেগ অ্যানফিল্ডে বলেই একটু সতর্ক থাকতে হচ্ছে স্প্যানিশ
এই দলটিকে। ইউরোপায় সর্বশেষ ম্যাচেই যে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে
দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে লিভারপুল। ‘অলরেড’ কোচ ক্লপও ম্যাচের
পর সেটি মনে করিয়ে দিয়েছেন, ‘দুঃখিত, লড়াই এখনো শেষ হয়নি। ওদের এখনো
অ্যানফিল্ডে এসে খেলা বাকি এবং আমরা সেখানে প্রস্তুত থাকব।’ প্রস্তুতি নিতে
হবে কঠিন লড়াইয়েরই, ফাইনালে যেতে হলে যে ন্যূনতম দুই গোলের ব্যবধানে জিততে
হবে ক্লপের দলকে। এমন সমীকরণের সামনে তাদের পড়তে হচ্ছে পরশু এল মাদ্রিগালে
যোগ করা সময়ে গোল খেয়ে। প্রতি আক্রমণে গোল করেছেন আদ্রিয়ান লোপেজ! গোলের
পরই মাঠে বুনো উদ্যাপন করেছেন, ম্যাচের পরও ভিয়ারিয়াল কোচ মার্সেলিনহো
ভাসছিলেন উচ্ছ্বাসে, ‘এই দল নিয়ে আমি গর্বিত। যদিও এখনো কাজ বাকি, তবে
ফাইনালের একটু কাছে চলে গেলাম আমরা।’ আর লিভারপুল কোচ ক্লপ ভরসা খুঁজছেন
অ্যানফিল্ডে, ‘সত্যি বলতে ৯২ মিনিটে প্রতি আক্রমণে গোল খাওয়ার কোনো মানে হয়
না। তবে মাত্র প্রথম লেগই হলো। ওরা জানে অ্যানফিল্ডে আমরা কতটা শক্ত!’
প্রথম লেগের চিত্র অবশ্য বলছে, শক্তির পরীক্ষাটা দ্বিতীয় লেগেও ভালোই নেবে
ভিয়ারিয়াল।

No comments:
Post a Comment