![]() |
| অ্যালান ডোনাল্ড |
অনেকটা
করপোরেট প্রতিষ্ঠানে শিক্ষানবিশের মতো, তিনি দায়িত্ব পেয়েছেন শুধু
শ্রীলঙ্কা সিরিজের জন্য। ভালো করলে অস্ট্রেলিয়ার স্থায়ী বোলিং কোচ হিসেবে
নিয়োগ পেতে পারেন অ্যালান ডোনাল্ড। সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার তাই
দায়িত্ব পেয়েই ‘ছাত্র’দের শক্তি-দুর্বলতা নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন।
সবচেয়ে প্রতিশ্রুতিশীল ছাত্রটিকে এরই মধ্যে ডোনাল্ড খুঁজে বের করে
ফেলেছেন—মিচেল স্টার্ক। বাঁহাতি অস্ট্রেলিয়ান পেসার তাঁর চোখে ‘অন্য ধরনের
প্রাণী’। বিশ্বের প্রাণীদের মধ্যে ভয়ংকর ‘বিগ ফাইভে’র দেশ দক্ষিণ আফ্রিকায়
তাঁর বেড়ে ওঠা, বুনো কিছু থাকলে তো ডোনাল্ডের চোখে পড়ারই কথা। সেটি তিনি
খুঁজে পেলেন স্টার্কের মধ্যে। এটা অবশ্য হঠাৎ উপলব্ধি নয়, আগের আইপিএলে
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে কোচ হিসেবে কাজ করার সময়েই স্টার্ককে
দেখেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়াকে ‘সাদা বিদ্যুৎ’ বললেন সেই অভিজ্ঞতার কথা,
‘আমি সব সময়ই বল হাতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতার ভিত্তিতে একজন বোলারের গুণ
বিচার করি। আর বল হাতে পেলে ও (স্টার্ক) বুনো হয়ে ওঠে। বল নতুন হোক বা
পুরোনো, ও দুটিতেই অনেক হিংস্র। নতুন বলে তো ১৫০-এর আশপাশেই বল করে। ও কতটা
দক্ষ বোলার, সেটা ২০১৫ বিশ্বকাপেও দেখিয়েছে।’ গত বছর বিশ্বকাপে
অস্ট্রেলিয়াকে জেতানোর পথে ২২ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের
সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন। অবশ্য
বিশ্বকাপের আগে-পরে ১৮ মাস জুড়েই স্টার্ক ছুটছিলেন নিজের বলের মতো গতিতে।
মিচেল জনসনের ছায়া সরিয়ে নিজেকে টেস্টে অস্ট্রেলিয়ার মূল বোলার হিসেবে
প্রতিষ্ঠাও করেছিলেন। গত নভেম্বরে পার্থ টেস্টে ১৬০.৪ কিলোমিটার গতিতে বল
করে টেস্টের দ্রুততম বোলিংয়ের রেকর্ড গড়েছিলেন ২৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান।
নভেম্বরেই অ্যাডিলেড টেস্ট চলার সময়ে চোট পাওয়ার পর থেকে অবশ্য মাঠের বাইরে
স্টার্ক। ডোনাল্ডের জন্য সুখবর, জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে তিনি দায়িত্ব
নেওয়ার আগে জুনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই দলে ফিরতে পারেন স্টার্ক। তবে শুধু
বাঁহাতি পেসারই নয়, বাকিদের দিকেও নজর থাকবে ডোনাল্ডের, ‘মিচেলকে (স্টার্ক)
আমি ব্যক্তিগতভাবে চিনি, বোলিংয়ের নেতা ও। তবে অন্য সবার মনোভাব, দর্শনও
আমি বুঝতে চাই। এতটুকু জানি, ওরা সবাই লড়তে পছন্দ করে, লড়াই থেকে কখনো পিছু
সরে না।’ নিজেই জানিয়েছিলেন, রিভার্স সুইংয়ের জ্ঞান তাঁকে লড়াকু এই
অস্ট্রেলীয় পেসারদের কোচ হতে সাহায্য করেছে। এমনিতেই দুর্দান্ত পেস
আক্রমণকে নিজের দক্ষতা দিয়ে হয়তো আরও শাণিত করবেন ডোনাল্ড। তবে সুইং, পেসের
কৌশলগত দিকগুলোকে ছাপিয়েও তাঁর লক্ষ্য আরও বিস্তৃত, ‘একটা বোলিং গ্রুপের
মধ্যে কতজন নেতা তৈরি করতে পারছি, সেটাই আমার জন্য গুরুত্বপূর্ণ।’ ক্রিকেট
অস্ট্রেলিয়া।

No comments:
Post a Comment