‘পানি
দূষিত ও পানের অযোগ্য’ এমন অভিযোগ শুনে ঢাকা ওয়াসার একজন উপসহকারী
প্রকৌশলী মন্তব্য করলেন, ‘একটু-আধটু বিষ খেলে কিছু হয় না।’ গতকাল সোমবার
পুরান ঢাকার লারমিনি স্ট্রিটে একটি বাড়িতে গিয়ে এমন মন্তব্য করেছেন ঢাকা
ওয়াসার ১ নম্বর আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মহিতোষ রায়। ওই
বাড়ির লোকজন তাঁর কথা শুনে স্তম্ভিত হয়ে যান। এলাকাবাসী জানান, লারমিনি
স্ট্রিট, র্যা ঙ্কিন স্ট্রিট, হেয়ার স্ট্রিটসহ আশপাশের এলাকায় প্রায় তিন
সপ্তাহ ধরে ওয়াসার পানি দুর্গন্ধযুক্ত। রংও অস্বাভাবিক। লারমিনি স্ট্রিটের
ওই বাড়ি থেকে ওয়াসার ১ নম্বর আঞ্চলিক কার্যালয়ে অভিযোগ জানানোর পর গতকাল
বেলা সাড়ে ১১টার দিকে খোঁজ নিতে আসেন ওই প্রকৌশলী। নাম প্রকাশে
অনিচ্ছুক ওই বাড়ির লোকজন এবং নিরাপত্তারক্ষীরা প্রথম আলোকে জানান,
উপসহকারী প্রকৌশলীকে তাঁরা বলেছেন নিয়ম অনুযায়ী ছয়তলা বাড়ির পানির
ভূগর্ভস্থ জলাধার (রিজার্ভার) পরিষ্কার করা হয়েছে। তারপরও পানির রং ও গন্ধ
যায়নি। এককথায় খাওয়ার অযোগ্য। একপর্যায়ে এ প্রতিবেদকের উপস্থিতিতে
উপসহকারী প্রকৌশলী তাঁদের বলেন, ‘কথা বললে কথা বাড়ে। একটু-আধটু বিষ খেলে
কিছু হয় না।’ ওই বাড়ি থেকেই বিষয়টি ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ে জানানো
হয়। পরে বিকেলের দিকে ১ নম্বর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী লারমিনি
স্ট্রিটের ওই বাড়িতে আসেন। বাড়ির লোকজন পানি নিয়ে ভোগান্তির কথা জানালে
তিনি শিগগিরই পানি পরীক্ষার আশ্বাস দেন। ওই উপসহকারী প্রকৌশলীর বক্তব্যের
উল্লেখ করলে তিনি বিব্রতবোধ করেন। এলাকায় খোঁজ নিয়ে পানিদূষণের দুটি
কারণ জানা গেছে। এর একটি হচ্ছে বলধা গার্ডেনের কাছে ওয়াসার পাম্প
হাউস-সংলগ্ন পাইপের ত্রুটি। অন্য কারণটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের
সৃষ্ট। মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের (ফ্লাইওভার) নিচের সড়কে, বিশেষ
করে ফোল্ডার স্ট্রিট, ওয়্যার স্ট্রিট এলাকায় অসতর্ক খোঁড়াখুঁড়ি।
নর্দমা, ফুটপাত নির্মাণের জন্য এসব এলাকার সড়কের পাশে অনেক খোঁড়াখুঁড়ি
করা হয়। এর ফলে পানির পাইপ ফুটো হওয়ারও আশঙ্কা করছেন এলাকাবাসী। সেই ফুটো
পথে ময়লা ঢুকে পড়ায় পানি দূষিত ও দুর্গন্ধময় হতে পারে। র্যা ঙ্কিন
স্ট্রিটের বাসিন্দা আহসান হাবিব জানান, এর আগে উড়ালসড়ক নির্মাণের সময়
পানির লাইন শুধু নয়, গ্যাসলাইন, এমনকি মাটির নিচের বিদ্যুৎ কেবলও
ক্ষতিগ্রস্ত হয়েছিল। দীর্ঘদিন এর জের ভোগ করতে হয়েছে ওয়ারীর বিভিন্ন সড়কের
বাসিন্দাদের। ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম
চৌধুরীকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, এবারও পাইপ ফেটে এলাকার পানি
খারাপ হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment