Monday, April 25, 2016

সিরিয়ায় ২৫০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে স্থানীয়দের সহযোগিতা করতে সিরিয়ায় বাড়তি ২৫০ জন সেনা পাঠাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এর উদ্দেশ্য উত্তর-পূর্ব সিরিয়ায় লড়াইরত কুর্দি যোদ্ধাদের সঙ্গে আরও সুন্নি আরবকে যোগ দেয়ায় উৎসাহিত করা। নতুন করে আড়াই শ’ সেনা পাঠানো হলে সিরিয়ায় মার্কিন সেনার সংখ্যা দাঁড়াবে ৩০০। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, এর আগে সিরিয়ায় স্থল সেনা মোতায়েনের কথা উড়িয়ে দিয়েছেন বারাক ওবামা। তিনি বলেছেন, সিরিয়া সমাধানের জন্য সামরিক পদক্ষেপই একমাত্র পদক্ষেপ নয়। তবে তিনি যে সেনা পাঠাচ্ছেন তারা হবে স্পেশাল অপারেশন ফোর্সের আওতায়। তারা সরাসরি যুদ্ধে লিপ্ত হবে না। এ গ্রুপে থাকবে মেডিকেল ও কৌশল নির্ধারণকারীরা। এ বিষয়ে আজ হ্যানোভারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারেন বারাক ওবামা। হ্যানোভারে তিনি আজ যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও ইতালির নেতাদের সঙ্গে সিরিয়া ও বৈদেশিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন। রোববার তিনি বলেছেন, সিরিয়ায় যেভাবে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে তাতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

No comments:

Post a Comment