Saturday, April 23, 2016

হিটলারের জন্মদিনে কট্টরপন্থীদের মিছিলের চেষ্টা

হিটলার
জার্মানির সাবেক একনায়ক ও নাৎসি বাহিনীর প্রধান এডলফ হিটলারের জন্মদিন উপলক্ষে বর্ণবাদ, বিদেশি বিদ্বেষী ও ইসলামবিরোধী পেগিডা আন্দোলনের সমর্থকদের মশাল মিছিল হাজারো মানুষের প্রতিবাদের মুখে পণ্ড হয়ে গেছে। জার্মানির মধ্য পূর্বাঞ্চলীয় বিশ্ববিদ্যালয় শহর ইয়েনাতে গত বুধবার সন্ধ্যায় প্রায় দুই শ কট্টর ডানপন্থী বর্ণবাদী মশাল মিছিল বের করার চেষ্টা করে। এ সময় প্রায় তিন হাজার প্রতিবাদী মানুষ তাদের বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে উভয় পক্ষ এগোতে চাইলে ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে ১৫ জন পুলিশসহ শতাধিক বিক্ষোভকারী আহত হয়। সংঘর্ষে পুলিশের একাধিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ১৮৮৯ সালে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন হিটলার। ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত হিটলারের শাসনকালে হিটলারের অনুসারীরা জার্মানিতে মশাল মিছিল বের করে তাঁর জন্মদিন পালন করত। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির সংবাদমাধ্যমসহ কোথাও হিটলারের জন্মদিনের উল্লেখও করা হয় না। হয় না কোনো উদ্‌যাপনও। জার্মানিতে আসা শরণার্থীদের বিরুদ্ধে ঘৃণাসূচক মন্তব্য ও তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য ফেসবুকে পোস্ট করার অভিযোগে সম্প্রতি ড্রেসডেনে বিচার শুরু হয়েছে পেগিডা আন্দোলনের নেতা লুৎ​জ বাখম্যানের। অভিযোগ প্রমাণিত হলে বাখম্যানের সর্বোচ্চ পাঁচ বছরের সাজা হতে পারে। জার্মানিতে আসা শরণার্থীদের ক্যাম্পে হামলা, অগ্নিসংযোগ ও ঘৃণা ছড়ানোর দায়ে গত সপ্তাহে পূর্বাঞ্চলীয় সাক্সেন রাজ্যের ছোট শহর ফ্রাইটেল থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।পেগিডা আন্দোলন শুরু হয় ড্রেসডেন শহরে ২০১৪ সালে। এর সমর্থকেরা গত দুই বছর ধরে জার্মানিতে বর্ণবাদ, বিদেশি বিদ্বেষী ও ইসলাম বিরোধী নানা কার্যক্রমের সঙ্গে জড়িত। তবে জার্মানির দু-একটি এলাকা ছাড়া সব জায়গাতেই তারা প্রবল প্রতিরোধের সম্মুখীন হচ্ছে।

No comments:

Post a Comment