Tuesday, April 19, 2016

দায়িত্ব পেয়ে ধৈর্য ধরতে বললেন ইনজি

ইনজামাম-উল-হক
গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েক দিন ধরেই। ইনজামাম-উল-হক যখন আফগানিস্তানের কোচের দায়িত্ব ছেড়ে দিলেন, আর খুব একটা সন্দেহ রইল না যে, তিনিই পাকিস্তানের প্রধান নির্বাচক হচ্ছেন। কাল সেই অনুমিত ব্যাপারটাই বাস্তবতায় রূপ নিল। পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে ঘোষণা করা হয়েছে ইনজামামের নাম। চার সদস্যের নির্বাচক কমিটিতে ইনজামাম সঙ্গী হিসেবে পাচ্ছেন একসময়ের সতীর্থ ওপেনার ওয়াজাহাতুল্লা ওয়াস্তি, সাবেক অফ স্পিনার তৌসিফ আহমেদ ও সাবেক পেস বোলিং অলরাউন্ডার ওয়াসিম হায়দারকে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে জোড়া সেঞ্চুরি করা ওয়াস্তি পরে আর খুব বেশি দিন খেলতে পারেননি, ক্যারিয়ার শেষ হয়ে গেছে ৬ টেস্ট ও ১৫ ওয়ানডেতেই। তৌসিফ আহমেদ আশির দশকের শুরু থেকে নব্বই দশকের শুরু পর্যন্ত পাকিস্তানের হয়ে ৩৪টি টেস্ট ও ৭০টি ওয়ানডে খেলেছেন। এঁদের মধ্যে ওয়াসিম হায়দারের আন্তর্জাতিক অভিজ্ঞতাই সবচেয়ে কম। মাত্র ৩টি ওয়ানডেই খেলেছেন, ৩টিই ১৯৯২ বিশ্বকাপে। ১২০টি টেস্ট ও ৩৭৮টি ওয়ানডের বর্ণাঢ্য ক্যারিয়ারের মালিক ইনজামাম তো পাকিস্তানের ইতিহাসেরই অন্যতম সেরা ব্যাটসম্যান। ওয়ানডেতে পাকিস্তানের সর্বোচ্চ রান (১১৭০১) তাঁর, টেস্টে তৃতীয় সর্বোচ্চ (৮৮২৯)। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর পালাবদলের হাওয়া বইছে পাকিস্তান ক্রিকেটে। সেই ধারাবাহিকতাতেই নির্বাচক প্যানেল ঢেলে সাজানো হলো। নির্বাচক হিসেবে ইনজামামের প্রথম বড় দায়িত্ব জুলাইয়ে, ইংল্যান্ড সফরে পাকিস্তান খেলবে চার টেস্ট, পাঁচ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। তবে শিগগিরই এই পরিবর্তনের ফল আশা করতে না করে দিয়েছেন ইনজাজাম, ‘আমাদের ধৈর্য ধরতে হবে, এখনই কিছু আশা করা যাবে না। আমি আগে খেলোয়াড়দের দেখব, ইনশা আল্লাহ পরিবর্তন আসবে। আমি দেশের জন্য কাজ করতে এসেছি এবং এটা ছেড়ে যাব না। তবে আমার হাতে তো জাদুর কাঠি নেই, তাই সময় লাগবে।’ নির্বাচক হিসেবে কীভাবে কাজ করবেন তার কিছুটা আভাসও দিয়ে রাখলেন ইনজামাম, ‘আমি আশা করছি স্বাধীনভাবে কাজ করতে পারব। এখন আমার ভূমিকা আলাদা। যখন আমি অধিনায়ক ছিলাম, তখন পরামর্শ দিতাম, কথা বলতাম। এখন আমি অধিনায়কদের কথা শুনব, তাদের প্রস্তাব শুনব। অধিনায়ক ও কোচের পরামর্শ শোনাটা গুরুত্বপূর্ণ, কারণ মাঠে ওদের ভূমিকাই বেশি।’ ক্রিকইনফো।

No comments:

Post a Comment