Wednesday, April 20, 2016

টানা দরপতনে সূচক আরও কমল

চলতি সপ্তাহের তিন কার্যদিবসের টানা দরপতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক অর্ধশত পয়েন্ট কমে গেছে। তার মধ্যে গতকাল মঙ্গলবার এক দিনেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বা পৌনে ১ শতাংশ। ফলে দিন শেষে ডিএসইএক্স কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৫৮ পয়েন্টে। সূচক কমেছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। গতকাল এক দিনেই সিএসইর সার্বিক সূচকটি ১১৪ পয়েন্ট কমে নেমে এসেছে ১৩ হাজার ৪০৮ পয়েন্টে। মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের বাজার কার্যক্রমে ছিল একধরনের ধীরগতি। শুরুটা হয়েছিল সূচকের পতন দিয়ে। দিন শেষেও সেই ধারা অব্যাহত ছিল। এদিন ডিএসইতে দরপতনের দিক থেকে এগিয়ে ছিল মাঝারি মূলধনের কোম্পানিগুলো। গতকাল এ ধরনের তালিকাভুক্ত কোম্পানির প্রতিটি শেয়ারের দাম গড়ে ১ শতাংশের মতো কমেছে বলে আইডিএলসির প্রতিবেদনে উল্লেখ করা হয়।ঢাকার বাজারে মঙ্গলবার ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২০৫টি বা প্রায় ৬৪ শতাংশেরই দাম কমেছে। বেড়েছে ৭২টির বা ২৩ শতাংশের আর অপরিবর্তিত ছিল ৪২টির দাম। টানা দরপতনের কারণে বাজারে লেনদেনের পরিমাণও কমে গেছে। ডিএসইতে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৪০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৮৬ কোটি টাকা কম। লেনদেনের এ খরার দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এসিআই। এদিন এককভাবে কোম্পানিটির ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। মূল্যবৃদ্ধিতে শীর্ষে ছিল বিডিল্যাম্পস। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় পৌনে ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০৯ টাকা। চট্টগ্রামের বাজারে গতকাল ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫৬টিরই দাম কমেছে, বেড়েছে ৫০টির আর অপরিবর্তিত ছিল ৩৬টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা কম।

No comments:

Post a Comment