অস্ট্রেলিয়ার
সিডনি শহরের অলিম্পিক পার্কে ২০১৬ সালের ১৬ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হতে
যাচ্ছে বৈশাখী মেলা। তেইশ বছর ধরে সিডনিতে এই বৈশাখী মেলা আয়োজিত হয়ে আসছে।
আর এবারের মেলা বসবে সিডনির অলিম্পিক পার্কের এএনজেড অলিম্পিক স্টেডিয়ামে।
জানিয়েছেন এবারের মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সিডনিপ্রবাসী কাউসার খান।
সিডনির অলিম্পিক পার্কের এএনজেড অলিম্পিক স্টেডিয়ামে এই বৈশাখী মেলার আয়োজন
করছে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া। মেলার আয়োজক বঙ্গবন্ধু কাউন্সিল
অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামীমুল হকের বরাতে কাউসার এ প্রসঙ্গে জানিয়েছেন,
এবার ইভেন্ট টিকিট বিক্রেতা টিকেটেকের মাধ্যমে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি
হচ্ছে। এ ছাড়া মেলার দিনে এএনজেড স্টেডিয়ামের কাউন্টার থেকেও সহজে মেলার
টিকিট কেনার সুবিধা রয়েছে। মেলার দিনে গাড়ি পার্কিংয়ের সুবিধার পাশাপাশি
পার্কিং থেকে ভেন্যুতে যাওয়ার জন্য শিশু ও বয়স্কদের জন্য ফ্রি শাটল বাসের
ব্যবস্থাও থাকবে। অন্যদিকে, লিডকম জংশন রেলস্টেশন থেকে দশ মিনিট পর পর
অলিম্পিক পার্কের উদ্দেশে ট্রেন ছেড়ে যাবে। এ ছাড়া দুই বাংলার মেলবন্ধন
হিসেবে এ মেলায় এবারে সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী নচিকেতা। এবারের
বৈশাখী মেলার সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে অস্ট্রেলিয়ার অন্যতম
প্রধান টেলিভিশন চ্যানেল ৯। প্রতিবারের মতো এ মেলাতেও থাকবে জমকালো
আতশবাজির মনোমুগ্ধকর আয়োজন। দেশ ও মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য ও চিত্রকলার
প্রদর্শনীর আয়োজন থাকছে বিশেষ আকর্ষণ হিসেবে বলে জানিয়েছেন মেলা কমিটির
কোষাধ্যক্ষ মেহেদি রব। এবারের এই বৈশাখী মেলার উৎসবে অস্ট্রেলিয়ার সিডনি,
মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে
প্রায় পঁচিশ হাজার প্রবাসী বাঙালি এদিন সমবেত হবেন বলেই ধারণা করছেন
আয়োজকেরা। পোশাকে-আশাকে, সাজসজ্জায়, ভোজে-আড্ডায় এই দিনটিতে ষোলোআনা
বাঙালিয়ানায় মেতে উঠবেন মেলায় আসা প্রবাসীরা। মেলায় দেশি-বিদেশি রকমারি
খাবারের দোকান ছাড়াও থাকবে বই ও পোশাকের স্টল।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment