Monday, April 11, 2016

মঈন আলীর বিড়ম্বনা

মঈন আলী
এই মুহূর্তে ইংল্যান্ড দলের সবচেয়ে নিয়মিত মুখগুলোর একজন। ব্যাট কিংবা বল হাতে বড় আস্থার নামও। অথচ এই মঈন আলীকেই কি না চিনতে পারল না ইংল্যান্ডের লোকজন! ঘটনাটাও ঘটল একেবারে মঈন আলীর জন্মস্থান বার্মিংহামের বিমানবন্দরে। প্রায় ৪০ মিনিট আটক রাখার পর ছাড়া হয়েছে তাঁকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ভারত থেকে কাল দেশে ফেরেন মঈন, সরাসরি নামেন বার্মিংহাম বিমানবন্দরে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে তাঁর দল উস্টারশায়ারের খেলাটা বার্মিংহামেই। কিন্তু বিমানবন্দরে নিয়মের অজুহাত দেখিয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় তাঁকে। শ্মশ্রুমণ্ডিত চেহারা কিংবা ধর্মীয় পরিচয়ের কারণেই কি এই ভোগান্তির শিকার হলেন পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ অলরাউন্ডার? নিজের এই নতুন অভিজ্ঞতা মঈন জানিয়েছেন টুইট করেই, ‘দলের সঙ্গে দলের পোশাকে ভ্রমণের সময় কখনো কোনো বিমানবন্দরে থামানো হয়নি। কিন্তু একা সফর করতে গিয়ে ৪০ মিনিট আটকে থাকতে হলো। বার্মিংহাম বিমানবন্দর! কঠিন সময়।’ সতীর্থকে এমন ভোগান্তিতে পড়তে দেখে আরেক ইংলিশ ক্রিকেটার আদিল রশিদ পাল্টা টুইটে লিখেছেন, ‘এটা লজ্জার।’ সাবেক ইংলিশ ক্রিকেটার ওয়াইজ শাহও সমব্যথী মঈন আলীর প্রতি। টুইট করেছেন, ‘এর পেছনে তোমার দাড়ি একটা কারণ হতে পারে!’ টেলিগ্রাফ।

No comments:

Post a Comment