Thursday, April 21, 2016

সম্পর্ক ‘মেরামতে’ সৌদি আরবে বারাক ওবামা

সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছানোর পর ইরগা প্রাসাদে মার্কিন
প্রেসিডেন্ট বারাক ওবামাকে স্বাগত জানান বাদশাহ সালমান
দুই দেশের মধ্যে সৃষ্ট সম্পর্কের টানাপোড়েন প্রশমন এবং জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করা—এ দুই প্রধান লক্ষ্য নিয়ে গতকাল বুধবার সৌদি আরব সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিরিয়া ও ইয়েমেনে চলমান যুদ্ধ বন্ধ করাও ওবামার দুদিনের সফরের অন্যতম লক্ষ্য। ওবামার এ সফর শুরু হয়েছে এক ব্যতিক্রম দিয়ে। এক বছরেরও কিছু বেশি সময় আগে সৌদি বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পর তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ওবামা সৌদি সফরে গেলে রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়া তা সরাসরি সম্প্রচার করেছিল। তবে গতকাল তা হয়নি। কাল স্থানীয় সময় বেলা সোয়া একটায় ওবামা রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সল বিন আবদুল আজিজ তাঁকে স্বাগত জানান। গতকালই প্রেসিডেন্ট ওবামা সৌদি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করেন। ইরগা প্রাসাদে অনুষ্ঠিত এ বৈঠকে ওবামা বলেন, ‘মার্কিন নাগরিকদের পক্ষ থেকে আপনাদের উষ্ণ শুভেচ্ছা জানাই।’ দোভাষীর মাধ্যমে বাদশাহ সালমান বলেন, ‘মার্কিন নাগরিকদের প্রতি আমাদের সমান ভালোবাসা আছে।’ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সাম্প্রতিক সময়ে আলোচিত ৯/১১ হামলাবিষয়ক প্রস্তাবিত আইনের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের মিত্র সৌদি আরবের সম্পর্কে টানাপোড়েন চলছে। তবে প্রেসিডেন্ট ওবামা বা বাদশাহ সালমান ওই মার্কিন আইন পাসের উদ্যোগ নিয়ে গতকালের বৈঠকে কথা বলেছেন কি না, তা জানা যায়নি। ৯/১১ হামলাবিষয়ক বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রে বা অন্য যেকোনো স্থানে হামলার ভুক্তভোগী মার্কিন নাগরিকের পরিবার এতে বাইরের দেশের সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে মামলা করতে পারবে। উল্লেখ্য, ৯/১১ হামলার সঙ্গে জড়িত ১৯ জনের মধ্যে ১৫ জনই সৌদি নাগরিক। বিলটি পাস হলে সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে ৭৫ হাজার কোটি ডলারের বন্ডসহ বিনিয়োগ তুলে নেওয়ার হুমকি দিয়েছে বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।আজ ছয় উপসাগরীয় আরব দেশের সম্মেলনে যোগ দেবেন ওবামা। ‘গুজব’ বন্ধের আহ্বান: মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট অ্যাডাম শিফ যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসী হামলার বিষয়ে একটি সরকারি প্রতিবেদনের অংশবিশেষ প্রকাশ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বলেন, এর মধ্য দিয়ে হামলায় সৌদি আরবের সম্পৃক্ততা রয়েছে বলে যে গুজব চলছে, তার ইতি ঘটানো যাবে।

No comments:

Post a Comment