![]() |
| সিগুইডুর ইঙ্গি জোহানসন |
আইসল্যান্ডের
ক্ষমতাসীন জোট নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছে। তাঁর নাম সিগুইডুর
ইঙ্গি জোহানসন। দেশটিতে শরতে আগাম নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি। আজ
বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ৫৩ বছর বয়সী
জোনাসন দেশটির কৃষি ও মৎস্য-বিষয়ক মন্ত্রী। তিনি প্রগ্রেসিভ পার্টির
উপনেতা। বিশ্বজুড়ে আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনা ফাঁস হওয়ার পর গত
মঙ্গলবার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী
সিগমন্ডুর ডেভিড গুনলাগসন। তিনি প্রগ্রেসিভ পার্টির চেয়ারম্যান। তাঁর
পদত্যাগের পর প্রধানমন্ত্রী হিসেবে দলীয় উপনেতা জোনাসনের নাম ঘোষণা করা
হলো। গতকাল বুধবার জোহানসন বলেন, তাঁরা শরতে নির্বাচন অনুষ্ঠানের আশা
রাখছেন। এর মধ্যে এই সরকার থাকবে। সরকার তার ভালো কাজের ধারাবাহিকতা
অব্যাহত রাখার পাশাপাশি তা শেষ করবে। ফাঁস হওয়া নথি অনুযায়ী, গুনলাগসন ও
তাঁর স্ত্রী ২০০৭ সালে উইনট্রাস নামের কোম্পানি কেনেন। ২০০৯ সালে এমপি
নির্বাচিত হওয়ার সময় গুনলাগসন প্রতিষ্ঠানটি থেকে পাওয়া লভ্যাংশের কথা গোপন
করেছিলেন। কোনো ধরনের অন্যায় করেননি বলে দাবি করেছেন গুনলাগসন। বিক্ষোভের
মুখে পদত্যাগের আগে গুনলাগসন পার্লামেন্ট ভেঙে দিতে দেশটির প্রেসিডেন্টের
প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে এই আহ্বানে সাড়া দেননি প্রেসিডেন্ট। মোসাক
ফনসেকা নামে পানামার একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠানের ১ কোটি ১৫ লাখ গোপন
নথি ফাঁস হয় গত রোববার। এ ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে। নথিতে বিভিন্ন দেশের
নেতা, ক্ষমতাধর ব্যক্তি, তাঁদের নিকটাত্মীয়দের নাম উঠে এসেছে। পাশাপাশি
ক্রীড়া ও চলচ্চিত্র জগতের তারকাদেরও নাম এসেছে। মোসাক ফনসেকার ওই ১ কোটি ১৫
লাখ নথি অজানা সূত্র থেকে জার্মান দৈনিক জিটডয়েচ সাইতং-এর হাতে আসে।
পত্রিকাটি সেসব নথি ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম
অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসকে (আইসিআইজে) দেয়। ১৯৭৭ থেকে ২০১৫, প্রায়
৪০ বছরের এসব নথি পরীক্ষা-নিরীক্ষা করে তার কিছু অংশ আইসিআইজে প্রকাশ করে।

No comments:
Post a Comment