Sunday, April 17, 2016

মমতা সরকারের এক দিনও ক্ষমতায় থাকার অধিকার নেই

সোনিয়া গান্ধী
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে। এই সরকারের এক দিনও ক্ষমতায় থাকার অধিকার নেই। বিধান সভার নির্বাচনে এই প্রথম প্রচারে এসে গতকাল বুধবার তিনি এ কথা বলেন। বীরভূমের মুরারইতে আয়োজিত জনসভায় সোনিয়া গান্ধী মুখ্যমন্ত্রী মমতাকে একহাত নিয়ে বলেছেন, ‘অনেকে ক্ষমতায় এসে অন্ধ হয়ে যায়। সবকিছু ভুলে নিজেকে ভগবান মনে করে। এই সব অহংকারীকে এবার বাংলার মানুষ শিক্ষা দেবে।’ সোনিয়া গান্ধী আরও বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের দুর্নীতির কোনো সীমা নেই। দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে সরকার। মমতারও মুখোশ এবার খুলে গিয়েছে। মোদি সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। মোদি আর মমতা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তাই বাংলার মানুষ এবার এই রাজ্যে মমতারাজের অবসান ঘটাবে। পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট শুরু হচ্ছে আগামী রোববার। দ্বিতীয় দফায় সাত জেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮৩ জন প্রার্থী। ২০১১ সালে যাঁরা বিধায়ক হয়েছিলেন তাঁদের মধ্যে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন। এই ৪৫ জনের ১৬ জন গত পাঁচ বছরে কোটিপতি হয়েছেন। এঁদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। এই ছয়জনের মধ্যে চারজনই আবার তৃণমূল কংগ্রেসের নেতা। নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামার ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনটি গত মঙ্গলবার উপস্থাপন করেন সংস্থাটির রাজ্য সাধারণ সম্পাদক বিপ্লব হালিম। ২৯৪ আসনের নির্বাচনে ইতিমধ্যে প্রথম দফায় দুই পর্বে ৪৯ আসনের নির্বাচন শেষ হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচন হবে সাত জেলার ৫৬ আসনে। জেলা সাতটি হলো বীরভূম, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং। সাত জেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮৩ জন প্রার্থী। এঁদের মধ্যে ৩২২ জন ৩৪টি বিভিন্ন রাজনৈতিক দলের। আর ৬২ জন স্বতন্ত্র প্রার্থী।

No comments:

Post a Comment