Thursday, April 28, 2016

টেড ক্রুজের নাটক

টেড ক্রুজ
ছোটখাটো একটা নাটক করে ফেললেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশী প্রার্থী সিনেটর টেড ক্রুজ। বাছাইপর্বের নির্বাচনে তিনি আরেক প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে পেছনে পড়ে আছেন। মনে করা হচ্ছে, সেখান থেকে উঠে আসতেই তাঁর এমন আচরণ। গত মঙ্গলবার পূর্বাঞ্চলের যে পাঁচ রাজ্যে ভোট হয়, তার একটিতেও জয় পাননি টেড। প্রচারের জন্য প্রয়োজনীয় অর্থেও টান পড়েছে। এ অবস্থায় সবাইকে চমকে দিয়ে টেড ভাইস প্রেসিডেন্ট হিসেবে হিউলিট প্যাকার্ড কোম্পানির সাবেক প্রধান নির্বাহী কার্লি ফিওরিনার নাম ঘোষণা করেছেন। গত ৪০ বছরে এই প্রথম কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার আগেই তাঁর রানিং মেটের নাম ঘোষণা করলেন। গতকাল বুধবার ইন্ডিয়ানা পলিসে এক ঘোষণায় ক্রুজ ফিওরিনাকে বিদুষী, যোগ্য ও অভিজ্ঞ হিসেবে বর্ণনা করেন। বেশির ভাগ বিশেষজ্ঞ মঙ্গলবারের নির্বাচনে নিদারুণভাবে পরাস্ত হওয়ার পর নিজের নির্বাচনী অভিযান প্রাসঙ্গিক রাখতে ক্রুজ এই নাটকীয় ঘোষণার কৌশল বেছে নিয়েছেন। আগামী মঙ্গলবার ইন্ডিয়ানায় পরবর্তী প্রাইমারি নির্বাচন। এতে জিততে ব্যর্থ হলে ক্রুজের পক্ষে প্রার্থিতা চালিয়ে যাওয়া কঠিন হবে। এর আগে জন কেইসিকের সঙ্গে এক চুক্তিতে তিনি ভোট ভাগাভাগির এক বন্দোবস্তে আসার চেষ্টা করেন। বন্দোবস্ত অনুযায়ী কেইসিকের ইন্ডিয়ানায় প্রচার না চালানোর কথা। কিন্তু কেইসিক তাঁর সমর্থকদের ক্রুজের পক্ষে ভোট দেওয়ার অনুরোধ জানাবেন না। ক্রুজ আশা করছেন, ফিওরিনাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রার্থী নির্বাচন করায় এই রাজ্যে রিপাবলিকান নারীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি হবে। ক্রুজের ঘোষণার প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প পরিহাসের সুরে বলেছেন, এই প্রথম মনোনয়ন-প্রক্রিয়া থেকে বাদ পড়ে যাওয়া একজন প্রার্থী নিজের ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করলেন। তিনি বলেন, ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করলে কী হবে, ক্রুজ তো জিতবেন না। অঙ্কের হিসেবে তাঁর জেতা অসম্ভব।

No comments:

Post a Comment