![]() |
| সোমবার থেকে রাজধানীর বসুন্ধরা কনভেশন সেন্টারে শুরু হওয়া বাংলাদেশ ডেনিম এক্সপোতে দর্শনার্থী |
ডেনিম
কাপড় ও পোশাকের দুই দিনের আন্তর্জাতিক প্রদর্শনী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’
আজ সোমবার সকালে শুরু হয়েছে। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়
আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশসহ ১৩ দেশের ৪৯টি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।
চতুর্থবারের মতো আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশের ১২টি ডেনিম কাপড় ও পোশাক
প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এ ছাড়া চীনের ১০টি, তুরস্কের ৭টি,
পাকিস্তানের ৬টি, জাপানের ৩টি, ইতালির ৩টি, ভারতের ২টি এবং ব্রাজিল,
জার্মানি, সিঙ্গাপুর, স্পেন, থাইল্যান্ড ও ভিয়েতনামের একটি করে প্রতিষ্ঠান
রয়েছে। ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ
উদ্দিন আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনি চট্টগ্রামের
ডেনিম এক্সপার্ট লিমিটেড নামের পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক
(এমডি)। জানতে চাইলে মোস্তাফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ডেনিম এক্সপোর মূল
উদ্দেশ্য ডেনিম প্রস্তুতকারক হিসেবে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করা।
প্রদর্শনীর মাধ্যমে দেশের উদ্যোক্তারা হালফ্যাশনের ডেনিম পণ্য এবং সর্বশেষ
প্রযুক্তি সম্পর্কে জানাতে পারবেন। প্রদর্শনীতে বিদেশ থেকে ৪০০-৫০০ ক্রেতা
প্রতিনিধি আসবেন। তাঁরা পণ্য দেখে ক্রয়াদেশ দেবেন। সব মিলিয়ে উদ্যোক্তা ও
ক্রেতাদের মধ্যে একধরনের ব্যবসায়িক যোগাযোগ ঘটবে। আয়োজকেরা জানান,
প্রদর্শনীতে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে। আমন্ত্রিত ব্যক্তিরাই শুধু
প্রদর্শনীতে যেতে পারবেন। বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীর
দরজা খোলা থাকবে। কাল মঙ্গলবার প্রদর্শনী শেষ হবে।

No comments:
Post a Comment