Saturday, April 9, 2016

বার্সার সবচেয়ে কঠিন ম্যাচ?

নিষেধাজ্ঞার কারণে সুয়ারেজ খেলতে পারছেন না। আজ রিয়াল
সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে মেসির দিকেই তাকিয়ে থাকবে
বার্সেলোনা। কাল বার্সার অনুশীলনে
মৌসুমের সবচেয়ে কঠিন ম্যাচটি খেলতে যাচ্ছে বার্সেলোনা। প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ শোনার পর বাক্যটিকে হাস্যকর মনে হতে পারে। পুরো ইউরোপিয়ান ফুটবল শাসন করা একটি দল খেলতে যাচ্ছে লিগে, তাদের ঠিক অর্ধেক পয়েন্ট পাওয়া একটি দলের সঙ্গে। আজকের ম্যাচ তো হেসেখেলে জেতার কথা বার্সার। কিন্তু ভেন্যু যে সান সেবাস্তিয়ান! মেসিরা আজ খেলবেন সোসিয়েদাদের মাঠে, গত মৌসুমে যে ম্যাচের পর কোচ লুইস এনরিকের বার্সা ক্যারিয়ারই হুমকির মুখে পড়েছিল। নেইমার ও মেসিকে ছাড়াই একাদশ সাজানোর মূল্য দিতে হয়েছিল ম্যাচ হেরে। এই মাঠে লা লিগার সর্বশেষ ৩ ম্যাচে হেরেছে বার্সেলোনা। ২০০৭ সালের পর থেকে এখানে জয় পায়নি তারা। তাই ভিসেন্তে ক্যালদেরন বা বার্নাব্যু নয়, লা লিগায় বার্সেলোনার সবচেয়ে বড় জুজুটির নাম সান সেবাস্তিয়ান। সোসিয়েদাদ মিডফিল্ডার আসিয়ের ইয়ারামেন্দি একপ্রকার হুংকারই ছুড়লেন, ‘বার্সাকে যে আমরা হারাতে পারি সেটি গত কয়েক বছরে দেখিয়েছি, শনিবার তা আবার দেখাতে পারি। আমরা যখন ভালো খেলি, তখন যে কাউকে হারাতে পারি।’ আজকের ম্যাচে বার্সা একটু কোণঠাসা। লিগের আগের ম্যাচেই রিয়াল মাদ্রিদের কাছে হারতে হয়েছে। ৩৯ ম্যাচ অপরাজিত থাকার স্প্যানিশ রেকর্ডটি তাতে থেমে গেছে। ওই হারের ধাক্কাটা বার্সা সামাল দিয়েছে চ্যাম্পিয়নস লিগে লুইস সুয়ারেজের ২ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে। কিন্তু সুয়ারেজই আজ খেলতে পারছেন না নিষেধাজ্ঞার কারণে। চ্যাম্পিয়নস লিগের পরের লেগ মাথায় রেখে পূর্ণ শক্তির দল নামানো নিয়েও দ্বিধান্বিত থাকবেন এনরিকে। এই এক ম্যাচ বার্সার দুটি শিরোপাদৌড়েই প্রভাব ফেলতে পারে। গত মৌসুমে এই মাঠে দর্শক বনে যাওয়া নেইমার-মেসিকেই তাই আজ পথ দেখাতে হবে। বার্সেলোনার শিরোপার মূল প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোও স্বস্তিতে নেই। চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগের হারের ধাক্কা কাটিয়ে ওঠার উপলক্ষ হতে পারে আজকের ম্যাচ। কিন্তু ২০১২ সালের পর থেকে এসপানিওলের মাঠে তারা জিততে পারেনি। আজও জয় হাতছাড়া হলে লিগ শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকে পড়তে হবে। তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকার কথা ছিল রিয়ালের। প্রতিপক্ষ এইবার, তিনবার যাদের মুখোমুখি হয়ে প্রতিবারই জয় এসেছে। লিগের সর্বশেষ ম্যাচে বার্সাকে হারিয়ে উড়তে থাকা জিদানের দল চ্যাম্পিয়নস লিগে ভলফ্সবুর্গের কাছে ২-০ হেরে যে আবারও মাটিতে নেমে এসেছে। জিদানের চোখে প্রথম লেগে হারের কারণ ক্লান্তি। ক্লান্তি ঘুচিয়ে আজ কী করবে তাঁর দল? তার চেয়েও বড় প্রশ্ন, রিয়াল কি আজ পূর্ণ শক্তির দল নামাবে? মঙ্গলবারই যে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের ম্যাচ!

No comments:

Post a Comment