Wednesday, April 20, 2016

তনু হত্যা ও রিজার্ভ চুরি ধামাচাপা দিতেই শফিক রেহমানকে গ্রেপ্তার- ফখরুল

সরকারের দুর্নীতি, দমননীতি, তনু হত্যা ও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ধামাচাপা দিতেই শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক প্রতিবাদ সভায় তিনি এ অভিযোগ করেন। প্রবীণ সাংবাদিক শফিক রেহমান, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শওকত মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করে ন্য্যাশনাল পিপলস পার্টি। মির্জা ফখরুল বলেন, সরকার যখন বড় কোনও ঘটনা ঘটায়, ঠিক তখনই ওটাকে ধামাচাপা দিতে আরেকটি বড় ঘটনা ঘটায়। তনু হত্যা ও রিজার্ভ চুরির ঘটনা ধামাচাপা দিতেই শফিক রেহমানকে গ্রেপ্তার করেছে সরকার। এর আগে বিডিআর হত্যা, শেয়ারবাজার ধ্বংস, ডেসটিনি দুর্নীতি, ব্যাংক লুট, সবশেষে তনু হত্যা ও ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাও ঘটিয়েছে সরকার। জয় অপহরণ ও হত্যা চক্রান্তে মাহমুদুর রহমানকে জড়ানোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব বলেন, একই কারণে সবগুলো মামলায় জামিন পাওয়ার পরও একটার পর একটি মামলায় তাকে শ্যোন এরেস্ট দেখানো হচ্ছে। নতুন করে এই মামলায় যে শ্যোন এরেস্ট দেখানোর চেষ্টা চলছে, এর কোনও ভিত্তি নেই। বানোয়াট একটি মামলা তৈরি করা হয়েছে।

No comments:

Post a Comment