Thursday, April 7, 2016

মাসুদ আজহার নিয়ে চীনের সঙ্গে কথা শুরু ভারতের by সৌম্য বন্দ্যোপাধ্যায়

মাসুদ আজহার
সন্ত্রাস প্রশ্নে সমালোচনা-বিদ্ধ ভারত জানাল, পাকিস্তানি জঙ্গি মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণার বিষয়টি নিয়ে তারা চীনের সঙ্গে কথা শুরু করেছে। ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর গতকাল বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, বিষয়টি নিয়ে চীনের শীর্ষ পর্যায়ের সঙ্গে ভারত কথা বলেছে। এক বেসরকারি ‘থিংকট্যাংক’য়ের অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, জাতিসংঘের পরিপ্রেক্ষিতেই বিষয়টি বিবেচনা করতে হবে। সন্ত্রাস নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবে পাকিস্তানের জইশ-ই-মোহাম্মদ নেতা মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণার উদ্যোগ ভারত নিয়েছিল। প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের সব সদস্যের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়। কিন্তু একেবারে শেষ পর্যায়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা করে চীন প্রস্তাবটিতে ভেটো দেয়। এই নিয়ে দ্বিতীয়বার মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণার উদ্যোগ ধাক্কা খেল। ভারত সফল হলে মাসুদ ও তাঁর সংগঠন প্রকাশ্যে কিছু করতে পারত না। তাদের অর্থ সাহায্যও বন্ধ করা সম্ভব হতো। এই উদ্যোগ ব্যাহত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতের বিরোধী দলগুলো কেন্দ্রীয় সরকারের কূটনীতির সমালোচনা শুরু করে। সরকারের বিড়ম্বনা আরও বেড়ে যায় প্রায় একই সময়ে পাকিস্তান থেকে প্রকাশিত এক খবরে, যাতে লেখা হয়, পাঠানকোট-কাণ্ডের তদন্তে ভারত সফর করে দেশে ফিরে পাকিস্তানি প্রতিনিধিদের (জেআইটি) এক সদস্য নাকি বলেছেন, গোটা ঘটনাটাই ভারতের বানানো। পাকিস্তানকে হেয় ও হেনস্তা করার জন্যই নাকি ভারত ওই কাণ্ডটা ঘটিয়েছে। পরপর ঘটে যাওয়া এই দুটি ঘটনায় দেশের অভ্যন্তরে সরকারের বিড়ম্বনাই শুধু বাড়েনি, পররাষ্ট্রনীতিও প্রভূত সমালোচিত হচ্ছে। কংগ্রেস ও আম আদমি পার্টি একেবারে শুরু থেকেই পাকিস্তানি জেআইটির ভারত সফরের বিরোধিতা করে আসছে। এই দুই দলের বক্তব্য, যারা অপরাধী, তাদেরই বরণ করে আনা হয়েছে অপরাধী শনাক্ত করতে। তাদের ‘বিরিয়ানি’ খাওয়ানো হচ্ছে। জেআইটির অভিমত প্রকাশ হওয়ার পর সমালোচনা আরও বেড়ে যায়। সামাল দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গত মঙ্গলবার জানান, পাকিস্তানের কোন কাগজ কী লিখল, সরকারের কাছে তা আদৌ বিবেচ্য নয়। জেআইটি সদস্যরা দেশে ফিরে পাকিস্তান সরকারের কাছে তাঁদের রিপোর্ট পেশ করবেন। সেই রিপোর্ট পাওয়ার পর পাকিস্তান সরকার যা জানাবে, ভারত তাকেই গুরুত্ব দেবে, কোনো সংবাদপত্রের রিপোর্টকে নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের ওই মন্তব্যের পর পররাষ্ট্রসচিব জয়শঙ্কর গতকাল নিজেই মাসুদ আজহার প্রসঙ্গে চীনের সঙ্গে কথা বলার বিষয়টি জানান। পাকিস্তানের প্রতি ভারত নরম—এই সমালোচনার জবাবও তিনি দেন। বলেন, সন্ত্রাসের মোকাবিলা করতে না পারলে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই স্বাভাবিক হতে পারবে না।

No comments:

Post a Comment