Wednesday, May 18, 2016

সেলিম ওসমানের পক্ষে সাফাই গাইলেন ব্যবসায়ীরা

নারায়ণগঞ্জের সেই শিক্ষককে কান ধরে উঠ-বসের ঘটনায় অভিযুক্ত সংসদ সদস্য সেলিম ওসমানের পক্ষে সংবাদ সম্মেলনে সাফাই গেয়েছেন ব্যবসায়ীরা। তারা দাবি করেন শ্যামল কান্তি ভক্ত ইস্যুতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা হচ্ছে।  প্রকৃত ঘটনা প্রকাশ না করে কিছু মিডিয়া একপেশে সংবাদ পরিবেশন করেছে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবের সম্মেলন কক্ষে ৮টি জাতীয় ও ৩৫টি জেলা ভিত্তিক সংগঠনের ব্যানারে ব্যবসায়ী সম্প্রদায়ের সফল নেতা এ কে এম সেলিম ওসমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ শীর্ষক এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আলী, গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএর সহ-সভাপতি আসলাম সানি, এফবিসিসিআইয়ের পরিচালক ও বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মঞ্জুরুল হক, আবদুস সোবহান প্রমুখ। সংবাদ সম্মেলনের শুরুতে পিয়ার সাত্তার স্কুলের দশম শ্রেণীর ছাত্র রিফাত হোসেন ও তার মা রিনা বেগমের বক্তব্যের ভিডিও প্রদর্শন করা হয়। যাতে ইসলাম ধর্ম নিয়ে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত কটূক্তি করেছে বলে রিফাত ও তার মা রিনা বেগম অভিযোগ করেন। উল্লেখ্য, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ১৩ মে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করে জনতা। স্থানীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান সবার সামনে ওই শিক্ষকে কান ধরে উঠ-বসও করান। পরে তাকে বরখাস্ত করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।

No comments:

Post a Comment