Saturday, May 21, 2016

বিএনপি-জামায়াত নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে : নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া হরতাল দিয়ে অবরোধ করে, বাসে আগুন ও পেট্রল বোমা মেরে মানুষ হত্যা করে, সারাদেশে নৈরাজ্য চালিয়ে সরকারের পতন ঘটাতে চেয়েছিলেন। কিন্তু তার সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এখন তিনি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে হাত মিলিয়েছেন। বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে নতুন করে সরকার উৎখাতের ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের ষড়যন্ত্র শক্তভাবে মোকাবেলা করতে হবে। এজন্য যুবলীগ-ছাত্রলীগ ও আওয়ামী লীগের সব স্তরের নেতা-কর্মীদের সর্তক থাকতে হবে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির ৬নং গ্যালারিতে যুবলীগ আয়োজিত সংবাদ চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। এসময় আরো উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে। বিএনপি এর আগে নির্বাচনের যে দিবাস্বপ্ন দেখছে তা ভুল। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি না এসে এখন তারা পদে পদে বুঝতে পারছে। কিন্তু এখন আর কোনো উপায় নেই। তাদের আগামি জাতীয় সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি হত্যা, নৈরাজ্য ও ষড়যন্ত্রের রাজনীতির খেলা বন্ধ করুন। খেলতে চাইলে সোজা পথে আসুন। সোজাপথে খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল তো হতে পারছেন না। তাই ২০১৯ সালের নির্বাচনের মাঠে খেলার জন্য প্রস্তুতি নিন। এর আগে বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না।

No comments:

Post a Comment