বাংলাদেশ
ব্যাংকের নেটওয়ার্কের মধ্যে এখনো তিনটি হ্যাকিং দল সক্রিয় রয়েছে। ফলে
নেটওয়ার্ক ও লেনদেনের ওপর ভবিষ্যতে আবারও আঘাত আসার আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর প্রতিবেদনে এ
তথ্য রয়েছে। নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকে সাইবার হামলা ও
টাকা চুরির ঘটনা তদন্ত করছে। প্রতিবেদনে বলা হয়, ব্যাংকের গভর্নর ও
পরিচালনা বোর্ডকে অনুধাবন করতে হবে যে বাংলাদেশ ব্যাংকের
নেটওয়ার্ক-ব্যবস্থা এখনো নিরাপদ নয়। সংশ্লিষ্ট সূত্রটি অবশ্য রয়টার্সকে
পুরো প্রতিবেদনটি দেখতে দেয়নি। সূত্রের আশঙ্কা, বিস্তারিত প্রতিবেদন
প্রকাশ হলে এ ঘটনা তদন্তে বহুজাতিক প্রচেষ্টা বিঘ্নিত হবে। ফলে অপরাধীদের
ধরা এবং চুরি যাওয়া টাকা উদ্ধার বাধাগ্রস্ত হবে। গত ফেব্রুয়ারি মাসে
সাইবারের দুর্বলতাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব
নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন
ডলার চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনার তদন্ত নিয়ে অবশ্য কোনো মন্তব্য করতে
রাজি হয়নি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ তদন্ত প্রতিবেদন নিয়ে জানতে
চাইলে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, ‘আমরা পুরো ঘটনা তদন্তের জন্য
ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়োগ করেছি। এ বিষয়টিও তারা খতিয়ে দেখছে।’
প্রতিবেদনে তদন্তকারীরা বাংলাদেশ ব্যাংকের হ্যাকিংয়ের সঙ্গে ‘গ্রুপ জিরো’
জড়িত বলে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাঁরা
এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তদন্তকারীরা আরও নিশ্চিত হয়েছেন, ‘গ্রুপ
জিরো’ এখনো বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কের মধ্যে সক্রিয় রয়েছে। এ ছাড়া
আরও দুটি হ্যাকিং দল যোগযোগব্যবস্থার মধ্যে ঘাপটি মেরে বসে আছে। একটি
হচ্ছে কোনো একটি রাষ্ট্রীয় পক্ষ। ওই পক্ষটি হামলার তথ্য চুরি করে। গত
মাসে জমা দেওয়া প্রতিবেদনটিতে অবশ্য এই দুটি গ্রুপকে সুনির্দিষ্ট করেনি।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মতো আরও একটি বাণিজ্যিক ব্যাংকে
ম্যালওয়্যার হামলার ব্যাপারে গত বৃহস্পতিবার সতর্ক করেছে সুইফট। রিজার্ভের
অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের দিক থেকে ফরেনসিক তদন্তকাজ করছে
ওয়ার্ল্ড ইনফোমেট্রিক্স ও যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিভিত্তিক প্রতিষ্ঠান
ফায়ারআই। এই প্রতিবেদন নিয়ে জানতে চাইলে ফায়ারআই কোনো মন্তব্য করতে
অস্বীকৃতি জানায়। তাৎক্ষণিকভাবে ওয়ার্ল্ড ইনফোমেট্রিক্সের সঙ্গে যোগাযোগ
করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লুমবার্গ নিউজ গত মঙ্গলবার এক
প্রতিবেদনে বলেছে, তদন্তকারীদের কাছে প্রমাণ আছে যে বাংলাদেশ ব্যাংকের
রিজার্ভ চুরির ঘটনায় হ্যাকারদের তিনটি দল জড়িত। এর মধ্যে পাকিস্তান ও উত্তর
কোরিয়ার হ্যাকারদের দুটি দল রয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment