Monday, May 9, 2016

আসছেন ‘ড. জাহিদ হাসান’

জাহিদ হাসান
পিএইচডি করার জন্য পড়তে পড়তে জাহিদ হাসানের মাথায় ভর করেছে পাগলামি। প্রায়ই মস্তিষ্কের সব এলোমেলো হয়ে যায় তাঁর। ভুলে যান অনেক স্মৃতি। কিন্তু এরপরও যেহেতু জাহিদ হাসানের নামের আগে যোগ হয়েছে ‘ডক্টর’ উপাধিটি, তাই নিঃসন্দেহে তাঁর জ্ঞানের পরিধি নিয়ে প্রশ্ন তোলা যায় না। সত্যিই কিন্তু অভিনেতা জাহিদ হাসানকে নিয়েই কথা হচ্ছে। তবে তাঁর নামের আগে যোগ হওয়া এই ‘ডক্টর’ উপাধিটি নাটকীয়। ঈদের জন্য তৈরি অঞ্জন আইচ পরিচালিত একটি নাটকে এই নামেই দেখা যাবে জাহিদ হাসানকে। ড. জাহিদ হাসান নাটকটি নিয়ে পরিচালক অঞ্জন আইচ বললেন, ‘জাহিদ হাসানের নামের আগে ডক্টর উপাধিটি বসিয়ে দেওয়া হয়েছে। নাটকে তিনি একজন পিএইচডি করা জ্ঞানী ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু তাঁর ভেতরে একটু পাগলাটে ভাবও রয়েছে। অনেক সময় অনেক স্মৃতিই তিনি মনে করতে পারেন না। নিজের বাসা মনে করে একদিন একটি মেয়ের বাসায় ঢুকে পড়েন। সেখান থেকেই শুরু হয় নাটকীয়তা।’ ‘কেন নাটকের নাম ড. জাহিদ হাসান?’ প্রশ্ন শুনে হেসে ফেললেন অঞ্জন আইচ। বললেন, ‘জাহিদ হাসান নামটাই তো একটা ব্র্যান্ড। এর আগে ড. যোগ করলে নাটকটির ব্যাপারে দর্শকের আগ্রহ বাড়বে। এ থেকেই এই নাম নেওয়া।’ নাটকটি নিয়ে জাহিদ হাসান বলেন, ‘কাজটি অন্য রকম। নাটকটির নামের সঙ্গে গল্পে চরিত্রটি বেশ মানিয়ে গেছে।’ ড. জাহিদ হাসান নাটকে আরও অভিনয় করেছেন ভাবনা। তাঁর বক্তব্য, ‘নাটকে দেখানো হবে একটি রাতের গল্প। এই গল্পের ভেতর রয়েছে মানবিকতার একটি বার্তা।’ পরিচালক জানিয়েছেন, সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে।

No comments:

Post a Comment