বিএনপির
প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ মে থেকে আগামী
৩ জুন পর্যন্ত ১৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। মূল দল বিএনপি
ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো এই কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে আছে
আলোচনা সভা, খাবার বিতরণ, জিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা প্রভৃতি। ৩০ মে জিয়াউর
রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ রোববার দুপুরে নয়াপল্টনে
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৩০ মে সকাল ছয়টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয়
কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায়
রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে বিএনপির চেয়ারপারসন খালেদা
জিয়ার নেতৃত্বে দলের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এ ছাড়া ওলামা দল
কবরের পাশে দোয়া মাহফিল ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রক্তদান
কর্মসূচি পালন করবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মৃত্যুবার্ষিকী উপলক্ষে
ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে ৩০, ৩১ মে ও ১ জুন রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে
দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এ ছাড়া সারা দেশে ৩০ মে জেলা ও
মহানগরীতে কর্মসূচি পালন করা হবে। শাখা কমিটিগুলো নিজেদের সুবিধামতো সময়ে
কর্মসূচি পালন করবে। ৩১ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির
উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়া
উপস্থিত থাকবেন।
বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও জিয়াউর রহমানের স্মরণে
আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। এদের মধ্যে ২৪ মে যুবদল, ২৬ মে
মহিলা দল, ২৭ মে স্বেচ্ছাসেবক দল, ২৮ মে মুক্তিযোদ্ধা দল, ২ জুন শ্রমিক দল
আলোচনা সভার আয়োজন করবে। এ ছাড়া ছাত্রদল জিয়াউর রহমানের জীবনের ওপর একটি
আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে। কর্মসূচি ঘোষণার আগে বিএনপির মহাসচিব
মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ। দেশ ও জাতির
সবচেয়ে কঠিন সময়গুলোতে তিনি জাতির সামনে আবির্ভূত হয়েছিলেন। জিয়াউর রহমান
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে অর্থনীতিকে গতিশীল করেছিলেন। তলাবিহীন ঝুড়ি
থেকে অর্থনৈতিক দিক দিয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। বদ্ধ অর্থনীতিকে
মুক্ত অর্থনীতিতে পরিণত করেছিলেন। কৃষিতে বিপ্লবের মধ্য দিয়ে খাদ্যে
স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুলের
সভাপতিত্বে অনুষ্ঠিত দলের যৌথ সভায় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,
যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, খায়রুল কবির, সাংগঠনিক সম্পাদক
শাখাওয়াত হোসেন জীবন, সৈয়দ এমরান সালেহ, বিলকিস জাহান, শ্যামা ওবায়েদ
প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment