Tuesday, May 10, 2016

পানামা পেপারস: আরও দুই লাখ হিসাবধারীর নাম প্রকাশ

কর ফাঁকি দিয়ে বেনামে বিপুল সম্পদ পাচারের নেপথ্যে থাকা বিশ্বের বিভিন্ন অঙ্গনের দুই লাখের বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম সোমবার জনসমক্ষে প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম (আইসিআইজে)। কয়েক দিন আগেই সংস্থাটি ঘোষণা দিয়েছিল, বিভিন্ন অফশোর কোম্পানির দুই লাখের বেশি ব্যাংক হিসাবধারীর নাম সোমবার ঘোষণা করা হবে। পানামাভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার কাছে ওই নথিগুলো সংরক্ষিত ছিল এবং প্রতিষ্ঠানটি কর ফাঁকি দেওয়া ব্যক্তিদের আইনি সহায়তা দিত। অজানা সূত্র থেকে জার্মান দৈনিক জিটডয়েচ সাইতং-এর হাতে আসে ওই নথিগুলো। পত্রিকাটি সেসব নথি বিশ্লেষণ ও অনুসন্ধানের জন্য ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান আইসিআইজেকে দেয়। ১৯৭৭ থেকে ২০১৫, প্রায় ৪০ বছরের কর্মকাণ্ড-সংক্রান্ত এসব নথি পরীক্ষা-নিরীক্ষা করে তার কিছু অংশ আইসিআইজে ধারাবাহিকভাবে প্রকাশ শুরু করেছে। সোমবার প্রকাশ করা নথিতে কাদের নাম রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এর আগে জানানো হয়েছিল নতুন করে ফাঁস হতে যাওয়া দুই লাখের বেশি অফশোর অ্যাকাউন্টের মধ্যে ৬২৫ জন কানাডার নাগরিকের নাম আছে। গত মাসেও আইসিআইজে বিশ্বের শত শত ক্ষমতাসীন নেতা এবং ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের তারকাদের কর ফাঁকি দেওয়ার তথ্য ফাঁস করে।

No comments:

Post a Comment