 |
| জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী |
একাত্তরে
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী
অপরাধের দায়ে ফাঁসির আদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী
রায় পুনর্বিবেচনা চেয়ে যে আবেদন করেছেন, তার শুনানি শেষ হয়েছে। আগামী
বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেবেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি
সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে আজ
মঙ্গলবার নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষ হয়। বেঞ্চের অপর
সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শুনানি শেষে আদেশের জন্য দিন নির্ধারণ করেন
আদালত। পুনর্বিবেচনার আদেশ কোনো মামলার বিচারিক প্রক্রিয়ার সর্বশেষ ধাপ।
এখানেও যদি নিজামীর ফাঁসির রায় বহাল থাকে, তবে সবশেষে তাঁর রাষ্ট্রপতির
কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ থাকবে। এরপর দণ্ড কার্যকরের বিষয়টি আসবে।
আজকের আগে গত ৩ ও ৯ এপ্রিল নিজামীর আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের
কার্যতালিকায় ছিল। তবে নিজামীর আইনজীবীরা সময়ের আরজি জানালে আদালত শুনানির
জন্য ৩ মে তারিখ পুনর্নির্ধারণ করেন। গত ২৯ মার্চ নিজামীর আইনজীবীরা
সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রায় পুনর্বিবেচনার আবেদন জমা দেন। এরপর
বিষয়টি দ্রুত শুনানির জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। ৩০ মার্চ চেম্বার আদালত
বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। মুক্তিযুদ্ধ
চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে গত ৬
জানুয়ারি রায় ঘোষণা করেন আপিল বিভাগ।
প্রায় আড়াই মাস পর ১৫ মার্চ আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ওই দিন
রাতেই পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। পরদিন
কাশিমপুর কারাগারে নিজামীকে রায় জানানো হয়।
No comments:
Post a Comment