Tuesday, May 3, 2016

চোখের পলকে উঠবে ছবি

ক্যামেরা সুবিধাযুক্ত কন্টাক্ট লেন্সের পেটেন্ট আবেদন করেছে সনি।
এত দিন ক্যামেরা, স্মার্টফোনে ছবি তোলার বিষয়টি দেখেছেন। এখন চোখে বসানো বিশেষ যন্ত্রের সাহায্যে ছবি তোলা বা ভিডিও ধারণ করার যন্ত্র তৈরি শুরু করছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ওই ছবিগুলো মোবাইল ফোন বা ল্যাপটপেও দেখা যাবে। এ রকম নতুন ধরনের কন্টাক্ট লেন্স ক্যামেরার জন্য পেটেন্ট আবেদন করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। তাদের দাবি, এই কন্টাক্ট লেন্স দিয়ে চোখের পলকে ছবি তোলা, ভিডিও ধারণ ও তার সংরক্ষণ করে রাখা যাবে। কন্টাক্ট লেন্সে আছে একটি লেন্স ইউনিট, ইমেজ সেন্সর, মাইক্রোচিপ প্রসেসর ও স্টোরেজ ইউনিট। এতে একটি বিল্ট ইন ওয়্যারলেস অ্যানটেনা আছে, যা স্মার্টফোন ও ল্যাপটপে ছবি স্থানান্তর করতে পারে। সনির পেটেন্ট আবেদনে বলা হয়েছে, মানুষের চোখের পলক ফেলার সময় সাধারণত দশমিক ২ থেকে দশমিক ৪ সেকেন্ডের মধ্যে ঘটে। কিন্তু যখন চোখের পলক ফেলার সময় দশমিক ৫ সেকেন্ড অতিক্রম করে, সেটি সচেতনভাবে চোখের পলক ফেলার ঘটনা। পেটেন্ট আবেদনে কন্টাক্ট লেন্সে বসানো ক্যামেরায় ইমেজ স্ট্যাবিলাইজেশন, অ্যাপারচার, জুম লেন্স ও ফোকাস লেন্সও যুক্ত করার কথা বলা হয়েছে।  সনি ছাড়াও বিল্টইন ক্যামেরা যুক্ত কন্টাক্ট লেন্স তৈরির জন্য পেটেন্ট আবেদন করেছে গুগল ও স্যামসাং। তথ্যসূত্র: সিনেট।

No comments:

Post a Comment