চট্টগ্রামে
প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্রেস্ট ক্যানসার সম্মেলন। সম্মেলনের
উদ্বোধন করতে গিয়ে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সিটি
করপোরেশন পরিচালিত স্বাস্থ্য বিভাগে ক্যানসার রোগীদের সেবা কার্যক্রম চালু
করা হবে। আজ শুক্রবার সকালে নগরের র্যাডিসন ব্লু হোটেলের মেজবান হলে
দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্রেস্ট ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরি ও
এর ঝুঁকি প্রতিরোধে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ
এই সম্মেলনের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, করপোরেশনের
স্বাস্থ্যকেন্দ্রগুলোর মাধ্যমে নগরের বাসিন্দাদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
এখানে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করে ক্যানসার রোগীদের জন্য
রেডিওথেরাপি মেশিন আনার চেষ্টা করা হবে। সিটি করপোরেশন সেবাধর্মী
প্রতিষ্ঠান। তাই এখানে সুলভ মূল্যে সেবা পাবে নগরবাসী। তিনি বলেন, ক্যানসার
এখন মহামারি রোগের আকার ধারণ করেছে। বাড়ছে ব্রেস্ট ক্যানসার রোগীর
সংখ্যাও। ক্যানসার থেকে মুক্তি পেতে বিশেষজ্ঞ চিকিৎসকদের উপায় বের করতে
হবে। পাশাপাশি সচেতনতাও বাড়াতে হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে
রেডিওথেরাপি মেশিনের জন্য স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের কাছে
চাহিদাপত্র পাঠাবেন বলেও মেয়র আশ্বাস দেন। চিকিৎসকদের উদ্দেশে মেয়র আরও
বলেন, ‘চিকিৎসকদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। অনেক সময় দেখা
যায়, মানুষ প্রত্যাশা অনুযায়ী সেবা পায় না। এটা আপনাদের নিশ্চিত করতে হবে।
আপনাদের মেধা, মনন ও প্রজ্ঞা নিয়ে কোনো প্রশ্ন নেই। আপনাদের পেশার
মাধ্যমেই মানবসেবা করার সুযোগ আছে, যা অন্য কোনো পেশায় নেই।’ সম্মেলনে
অন্য বক্তারা বলেন, চট্টগ্রামের বৃহত্তর জনগোষ্ঠীর ক্যানসার রোগের
চিকিৎসাসেবার একমাত্র কেন্দ্র চট্টগ্রাম মেডিকেলের রেডিওথেরাপি বিভাগ।
কিন্তু ছয় মাস ধরে এখানকার একমাত্র রেডিওথেরাপি মেশিনটি নষ্ট। অধ্যাপক মো.
মোখলেছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে বিএমএ সভাপতি
মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ, যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল
চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজশিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ
দত্ত প্রমুখ বক্তব্য দেন। আয়োজকেরা জানান, সম্মেলনে সারা দেশ থেকে চার
শতাধিক চিকিৎসক অংশ নিচ্ছেন। বিভিন্ন সেশনে দেশ-বিদেশের ২০ জনের বেশি
ক্যানসার বিশেষজ্ঞ তাঁদের প্রবন্ধ উপস্থাপন করেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment