Sunday, May 29, 2016

জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  রোববার টোকিওতে জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক প্রাতরাশ  বৈঠককালে তিনি এ আহ্বান জানান।  পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ওই বৈঠকের বিষয়বস্তু জানানো হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ উৎপাদনের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। সরকার শতাধিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও কিছু আইটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে। এর মধ্যে ৩৩টির কাজ এগিয়ে চলছে। আগামী চার বছরে বাংলাদেশে শিল্প উৎপাদনে আরও এক  কোটি মানুষ যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। জাপানকে বাংলাদেশের সবচেয়ে পরীক্ষিত বন্ধু হিসেবে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, কর্মনিষ্ঠার কারণে জাপানের বিনিয়োগকারীদের সব সময়ই সবার আগে জায়গা দিয়েছে বাংলাদেশের জনগণ। সেই বিবেচনা থেকে বাংলাদেশের দরজা জাপানি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আমি চাই বাংলাদেশের এই ঊর্ধ্বমুখী সুযোগ এবং তারুণ্যদীপ্ত জনশক্তির সর্বোচ্চ সুবিধা ভোগ করুক আমাদের জাপানি বন্ধুরা। বৈঠকে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ও জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটেরো) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এই সমঝোতা স্মারককে বাংলাদেশের বেসরকারি খাতের জন্য প্রথম জাপানি স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। বৈঠকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব শহীদুল হক। এ ছাড়া ছিলেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদসহ সংগঠনের শীর্ষ নেতারা। জেটেরোর শীর্ষ নেতা ও জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরাও বৈঠকে অংশ নেন।

No comments:

Post a Comment